সপ্তম দফা ভোটের আগে শেষ রবিবারে যাদবপুরে প্রচারে গিয়ে বিদায়ী সাংসদ মিমি চক্রবর্তীর প্রসঙ্গ টেনে আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন হরিনাভিতে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে নির্বাচনী জনসভা করেন তিনি। সেখানেই তিনি জানালেন কেন এবারে সায়নী ঘোষকে প্রার্থী করেছেন মুখ্যমন্ত্রী।
এদিনের জনসভায় সায়নী ঘোষকে পাশে রেখেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমার প্রার্থী সায়নী। আগের বার আপনারা অতটা সার্ভিস পাননি, তাই এবারে সায়নীকে দিয়েছি।‘ যদিও তৃণমূল সুপ্রিমো আরও বলেন, ‘তাঁর (মিমি চক্রবর্তী) কোনও দোষ ছিল না। সে ফিল্ম জগতে ব্যস্ত। দোষটা আমাদেরই।’ রাজনৈতিক মহলের একাংশের ধারণা, নাম না করেই যাদবপুরের বিদায়ী সাংসদ মিমি চক্রবর্তীর সাংসদের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।
২০১৯ সালে যাদবপুর থেকে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে প্রার্থী করে চমক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জিতে সাংসদ নির্বাচিত হয়েছিলনে মিমি। কিন্তু গত পাঁচ বছরে একাধিকবার অভিযোগ উঠেছে সাংসদকে এলাকায় দেখা যায় না।
চলতি বছর নির্বাচনের আগেই সাংসদ পদ থেকে ইস্তফা দেন মিমি চক্রবর্তী। যদিও মনে করা হয়েছিল, অন্য কোনও কেন্দ্রে তাঁকে প্রার্থী করতে পারেন মুখ্যমন্ত্রী। তবে ব্রিগেডের জনগর্জন সভা থেকে ৪২ আসনের প্রার্থীদের মধ্যে তাঁর নাম না থাকায় সব জল্পনার অবসান হয়। যাদবপুর থেকে টিকিট দেওয়া হয়ে যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষকে। আগামী ১ জুন এই কেন্দ্রে ভোটগ্রহণ হবে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

