‘ইন্ডিয়া’ জোটে প্রধানমন্ত্রীর মুখ কে? স্পষ্ট জবাব খাড়গের

মোদী সরকারকে কেন্দ্র থেকে ক্ষমতাচ্যুত করতে ‘ইন্ডিয়া’ জোট গঠন করেছে বিরোধীরা। সেই থেকে একটা প্রশ্ন থেকেই গিয়েছে, বিরোধী জোট ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী কে হবেন? কারণ জোটের তরফে আনুষ্ঠানিকভাবে কারও নাম সামনে আনা হয়নি। এনিয়ে কটাক্ষ করেছে বিজেপি। লোকসভা নির্বাচনের শেষলগ্নে এই প্রশ্নের জবাব দিলেন জাতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে।  

‘ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রীর মুখ কে?’ এই প্রশ্নের উত্তরে খাড়গে বলেন, ‘এটা ঠিক কৌন বনেগা ক্রোড়পতি’ জিজ্ঞেস করার মত।‘ ২০০৪ ও ২০০৯ সালের লোকসভা নির্বাচনের প্রসঙ্গ এনে তিনি স্মরণ করিয়ে দেন, দুই নির্বাচনেই প্রধানমন্ত্রীর মুখ ছাড়াই কংগ্রেস সরকার গঠন করেছিল। কংগ্রেস সভাপতি জানান, ২০০৪ সালে কংগ্রেসের নেতারা চেয়েছিলেন সনিয়া গান্ধী প্রধানমন্ত্রী হন। কিন্তু উনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। ইউপিএ জোট তৈরি করে ১০ বছর সরকার চালানো হয়েছিল। ২০০৯ সালে কংগ্রেস ২০০ টিরও বেশী আসন জিতেছিল।    

২০২৩ সালে পাটনায় ইন্ডিয়া জোটের (INDIA Bloc) প্রথম বৈঠক ছিল। সেই সময় থেকেই বিজেপির প্রশ্ন ছিল, ‘জোটে প্রধানমন্ত্রীর মুখে কে হবে?’ খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বিভিন্ন সভায় এনিয়ে ইন্ডিয়া জোটকে কটাক্ষ করেছেন। জোটের ভিতরেও এনিয়ে আলোচনা হয়েছিল বলেই খবর। জোটের অন্যতম শরিক বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক বৈঠকে জানিয়েছিলেন তিনি প্রধানমন্ত্রীর মুখ হিসেবে মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করেছেন। যদিও শেষ পর্যন্ত এনিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

জাতীয় স্তরে এক হলেও রাজ্যস্তরে ‘ইন্ডিয়া’ জোট নিয়ে নানা বিতর্ক দেখা গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) লোকসভা নির্বাচনের আগেই ঘোষণা করে দিয়েছিলেন বাংলায় সিপিএম-কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট হবে না। ৪২ আসনেই প্রার্থী দিয়েছে শাসক দল। অন্যদিকে  সিপিএম-কংগ্রেস ফের একবার আসন সমঝোতা করেছে। নির্বাচনের মধ্যেও একে অপরকে আক্রমণ করতেও পিছু পা হয় না বাংলার শাসক-বিরোধী। তবে ২০২৪-এ বিজেপিকে সরিয়ে সরকার গঠন করা নিয়ে আশাবাদী ‘ইন্ডিয়া’ জোট।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube