‘রেমাল’-এর ল্যান্ডফলের আগে রাজ্যবাসীকে বার্তা মুখ্যমন্ত্রীর

শক্তিবৃদ্ধি করে রবিবার গভীর রাতেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘রেমাল’। আবহাওয়া দফতর নিয়মিত আপডেট জানাচ্ছে। সতর্ক প্রশাসন। পরিস্থিতির উপর নজর রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। সকাল থেকেই রাজ্যের বিভিন্ন অংশে বৃষ্টি শুরু হয়েছে। ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের আগে রাজ্যবাসীকে বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রবিবার পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে জনসভা করেন মুখ্যমন্ত্রী। সেখানে বক্তব্য রাখতে গিয়েই ‘রেমাল’ প্রসঙ্গে কথা বলেন তিনি। রাজ্যবাসীর উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বার্তা, সন্ধ্যে ৬ টার পর থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে। ভয় পাবেন না, সাবধানে থাকবেন। কোথাও বিদ্যুৎ সংযোগ চলে গেলে অযথা চিন্তা করার কারণ নেই। জেনারেটরের ব্যবস্থা করা হয়েছে।

এছাড়া ঝড়ের সময় টিভি বা এসি না চালানোর পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিনের সভা থেকেই রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসকে পরিস্থিতির ওপর বিশেষ নজর রাখার নির্দেশ দেন তিনি। অন্যদিকে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারের সাধারণ মানুষদের উদ্বিগ্ন না হওয়ার বার্তা দিয়েছেন। এই সময় তৃণমূলের কর্মীরা তাঁদের পাশে থাকবেন বলেই আশ্বস্ত করেছেন তিনি।

উল্লেখ্য, রবিবার মধ্যরাতে বাংলাদেশের খেপুপাড়া ও দক্ষিণ ২৪ পরগনার সাগরের মাঝামাঝি জায়গায় আছড়ে পড়বে ‘রেমাল’ (Cyclone Remal)। প্রশাসনের তরফে জারি রয়েছে সতর্কবার্তা। ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ থাকবে ১৩৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। ‘রেমাল’ বাংলায় কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে আশঙ্কা রয়েছে। তবে বলা বাহুল্য, আরও এক ঘূর্ণিঝড়ের পূর্বাভাস আসতেই ‘সিঁদুরে মেঘ’ দেখছে সুন্দরবনবাসী।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube