ভোটের মধ্যেই বনগাঁর তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের মন্তব্য ঘিরে বিতর্ক ছড়াল। আক্রান্ত তৃণমূল সমর্থককে দেখতে গিয়ে বিজেপিকে নিশানায় আনলেন তিনি। বিজেপির জেলা সভাপতি গ্রামে এলে তাঁকে পিঠমোড়া করে গাছে বেঁধে রাখার হুমকি দিলেন তিনি। তৃণমূল প্রার্থীর মন্তব্যের পরই রাজনৈতিক মহলে শোরগোল পড়েছে।
জানা যায়, গত ২০ মে, পঞ্চম দফায় বনগাঁ লোকসভা কেন্দ্রে নির্বাচন ছিল। ওইদিনই বাগদার মালিদার ১১৭ নম্বর বুথে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে গণ্ডগোল বাধে। দু’পক্ষের একাধিকজন আহত হয়েছিলেন। একের অপরের দিকেই অভিযোগের আঙুল তুলেছে দুই দল। ‘মারের বদলা মার’ গত শনিবার মালিদায় আক্রান্ত বিজেপি কর্মীর সঙ্গে দেখা করতে গিয়ে এই হুঁশিয়ারি দিয়েছিলেন বিজেপির জেলা সভাপতি দেবদাস মণ্ডল।
রবিবার বনগাঁর তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস দলের আক্রান্ত কর্মীকে দেখতে যান। সেখানেই সুর চড়িয়ে তিনি বলেন, ‘তৃণমূল কর্মীদের ওপর আক্রমণ হলে গ্রামে আগুন জ্বলবে। ৪ তারিখে জয়ী হওয়ার পর এবার আর রবীন্দ্রসঙ্গীত বাজবে না। ওরা যে ভাষায় বুঝতে চায়, সেই ভাষাতে বোঝানো হবে।‘ এমনকি বিজেপি জেলা সভাপতি গ্রামে এলে তাঁকে বেঁধে রাখার নিদান দেন তৃণমূল প্রার্থী।
বিশ্বজিৎ দাসের মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন দেবদাস মণ্ডল। বিজেপির জেলা সভাপতি বলেন, ‘ওই গ্রামে আগেও গিয়েছিলাম। আগামী দিনেও যাব। ৪ তারিখের পর মানুষ বিশ্বজিৎ দাসকে মানুষ বেঁধে রাখবে।‘
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

