প্রচারে ‘কাঁটা’ ঘূর্ণিঝড়, বাতিল হল অভিষেকের একাধিক নির্বাচনী কর্মসূচি

সময় যত এগিয়ে আসছে ততই যেন উদ্বেগ বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘রেমাল’। রবিবার মধ্যরাতে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তবে সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এর প্রভাব দেখা যাচ্ছে। ঝড়-বৃষ্টি চলছে প্রায় সর্বত্র। এই পরিস্থিতিতে বাধা পড়েছে রাজনৈতিক কর্মসূচিতে। সপ্তম দফার ভোটের আগের শেষ রবিবারে বাতিল হল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচার কর্মসূচি।

রবিবার জয়নগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত গোসাবা বিধানসভায় একটি সভা করার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে হেলিকপ্টার যাওয়া সম্ভব নয় বলে এদিন সকালেই জনসভা বাতিল করা হয়। নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারের অন্তর্গত মেটিয়াবুরুজে রোড শো করার কথা ছিল তৃণমূল প্রার্থী তথা বিদায়ী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আবহাওয়ার পরিস্থিতি বুঝে তাও বাতিল করা হয়েছে বলেই খবর।

এদিন বিকেলে যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে তিনটি কর্মসূচি করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বিকেল ৪ টেয় হরিণাতি মোড় থেকে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন হয়ে রাজপুর বাজার পর্যন্ত পদযাত্রা এবং দুটি জনসভা রয়েছে। আবহাওয়ার কারণে কর্মসূচি বাতিল করা হবে কি না তা এখনও জানা যায়নি।

ঘূর্ণিঝড় ‘রেমাল’-এর (Cyclone Remal) দুর্যোগের কারণে বঙ্গ বিজেপির নেতৃত্বদের সভাও বাতিল করতে হয়েছে। রবিবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মথুরাপুর লোকসভা কেন্দ্রে তিনটি জনসভা ছিল। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) সন্দেশখালিতে একটি সভা করার কথা ছিল, বিজেপির তরফে জানানো হয়েছে, আজকের সবকটি কর্মসূচিই বাতিল করা হয়েছে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube