নির্বাচনী প্রচারে গিয়ে তৃণমূলের বিধায়ক ঊষারানী মণ্ডল ও তাঁর স্বামীর বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির সঙ্গে আঁতাত করার অভিযোগ করেন তিনি। শনিবার বসিরহাটের হাড়োয়া সার্কাস ময়দানে দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা থেকে দলের বিধায়ককে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।
এদিনের জনসভায় বক্তব্যের শুরুতেই বিজেপিকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এরপরই মিনাখাঁর তৃণমূল বিধায়ককে নিশানায় এনে তিনি বলেন, ‘তৃণমূল কংগ্রেসের বিধায়ক থাকবেন অথচ মিটিংয়ে থাকবেন না, মনে রাখবেন তাঁর সঙ্গে দলের কোনও সম্পর্ক থাকবে না। আপনাকে নিয়ে দল চলবে না।‘ মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, যতক্ষণ না পায়ে ধরে ক্ষমা চাইবে না ততক্ষণ ঊষারানী মণ্ডলকে কেউ মানবে না।‘ তিনি অভিযোগ করে আরও বলেন, ‘বিজেপির সঙ্গে যারা আঁতাত করে তাঁদের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই।‘
ঊষারানী মণ্ডল ও তাঁর স্বামী মৃত্যুঞ্জয় মণ্ডলের বিরুদ্ধে সুর চড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আপনি আর আপনার স্বামী দলটাকে বেচে দেবেন? মনে করেন আমরা সেটাকে সমর্থন করব! আপনাদের মত লোক চাই না। আমি অন্যের দলের ব্যাপারে যেমন কথা বলি নিজের দলের ব্যাপারেও কথা বলি।‘
আবহাওয়া খারাপ থাকার কারণে মুখ্যমন্ত্রীর চপার উড়তেই পারেনি। ফলে এদিন কার্যত বাতিল হয়ে গিয়েছিল মুখ্যমন্ত্রীর জনসভা। তাই আগে থেকেই সাধারণ মানুষদের জন্য নিজের বক্তব্য পাঠিয়ে দিয়েছিলেন। তবে পরিস্থিতি ঠিক হলে অল্প সময়ের জন্য সশরীরে সভায় উপস্থিত হন তিনি। বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামকে ভোট দেওয়ার আর্জি জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

