ধেয়ে আসছি ঘূর্ণিঝড় রেমাল । আছড়ে পড়তে পারে দুই ২৪ পরগনার সমুদ্র উপকূলবর্তী এলাকায় । ইতিমধ্যেই ঘূর্ণিঝড় মোকাবিলায় উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের পক্ষ থেকে উপকূলবর্তী এলাকায় মাইক প্রচার শুরু হয়েছে ।
ঘূর্ণিঝড়ের জন্য সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ ও হেমনগর উপকূল থানা এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে । পাশাপাশি মাইক প্রচার চলছে বাগদা ব্লকের হেলেঞ্চা এলাকাতেও । জেলায় খোলা হয়েছে একাধিক ত্রাণশিবির । একই সঙ্গে বিপর্যয় মোকাবিলা দফতর ও বিদ্যুৎ দফতরকে সতর্ক থাকতে বলা হয়েছে । বসিরহাট মহকুমা শাসকের দফতরে ২৪ ঘন্টার জন্য একটি হেল্পলাইন খোলা হয়েছে ।

পাশাপাশি জানা যাচ্ছে সুন্দরবনের সব ক’টি ব্লক অফিসে আলাদা করে হেল্পলাইন ডেস্ক চালু করা আছে । মৎস্যজীবীদেরকেও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে । সন্দেশখালি হেমনগর ও হিঙ্গলগঞ্জে একাধিক রেসকিউ সেন্টার চালু করা হয়েছে । পরিস্থিতি মোকাবেলায় সমস্ত জরুরি পরিষেবামূলক দফতরগুলির সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে ।
অন্যদিকে ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়ার আগেই গঙ্গাসাগরেও ব্লক প্রশাসনের পক্ষ থেকে চলছে লাগাতার মাইকিং । সতর্ক করা হচ্ছে তীর্থযাত্রীদের । বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরে রবিবার ধেয়ে আসতে চলেছে ঘূর্ণিঝড় রেমাল । হাওয়া অফিস সূত্রে খবর ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে দক্ষিণ ২৪ পরগনা জেলার উপকূল ভাগের উপর ।
ঘূর্ণিঝড়ের জেরে ক্ষতির আশঙ্কা করা হচ্ছে সুন্দরবনের বেশ কয়েকটি জায়গায় । তার আগে গঙ্গাসাগরের সমুদ্র সৈকতে ব্লক প্রশাসনের পক্ষ থেকে সিভিল ডিফেন্সের কর্মীদেরকে নিয়ে চলছে মাইকিং প্রচার । এছাড়াও খোলা হয়েছে মেগা কন্ট্রোল রুম । ঘূর্ণিঝড়ের সময়ে নজরদারি চালানো হবে এই কন্ট্রোল রুম থেকেই ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

