ফের ভোটের ডিউটিতে আসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। ঘাটাল লোকসভা কেন্দ্রের ডেবরায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় এক বাড়িতে গিয়ে জল খাওয়ার নাম করে গৃহবধূকে শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ। নির্বাচন কমিশনের কাছে অভিযোগ পৌঁছাতেই দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে বলে খবর। অভিযুক্ত জওয়ানকে ডিউটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এনিয়ে সরব হয়েছেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব।
গৃহবধূর অভিযোগ, তাঁর বাড়ির পাশের স্কুলে ভোটগ্রহণ চলছিল। এক জওয়ান তাঁর কাছে জল খেতে চান। জল খাওয়ার নাম করেই ঘরের ভিতরে চলে যান। সেই জওয়ানকে জলের বোতল দেন তিনি। জল খাওয়ার পরই গৃহবধূর সঙ্গে শ্লীলতাহানি হয় বলে অভিযোগ। এই ঘটনায় এলাকাবাসীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। খবর পেয়ে ঘটনাস্থলে অর্থাৎ ডেবরার ১২৯ নং চকসাহাপুর বুথ এলাকায় যান ডেবরা থানার পুলিশ। অভিযুক্ত জওয়ানকে হাইকমান্ডের হাতে তুলে দেওয়া হয়। জানা গিয়েছে, অভিযোগ পেয়েই অভিযুক্ত জওয়ানকে ডিউটি থেকে সরিয়ে নতুন জওয়ানকে তাঁর জায়গায় নিয়ে আসা হয়েছে।
এই ঘটনা প্রসঙ্গে ঘাটালের বিদায়ী সাংসদ তথা তৃণমূলের প্রার্থী দেব জানান, শেষ পর্যন্ত হারটা যাতে সম্মানীয় হয়, তাই জন্যই এই সব করা হচ্ছে। ডেবরার বিধায়ক এনিয়ে জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত জওয়ানকে সরিয়ে দেওয়া হয়েছে। পুলিশও ঘটনাটি খতিয়ে দেখছে।
উল্লেখ্য, পঞ্চম দফার নির্বাচনে উলুবেড়িয়ায় এক জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল। নির্বাচন কমিশন অভিযোগ পেয়ে দ্রুত পদক্ষেপ নিয়েছিল। বিএসএফের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছিল, বিএসএফ এই ধরনের শৃঙ্খলাভঙ্গ বরদাস্ত করে না। এরপরও একই অভিযোগের পুনরাবৃত্তি! পঞ্চম দফার পর ফের ষষ্ঠ দফায় শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত জওয়ান।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

