লোকসভা ভোট চলাকালীন কলকাতার বহু জায়গায় জারি করা হল ১৪৪ ধারা । আগামী ২৮ মে থেকে ২৬ জুলাই পর্যন্ত মিটিং, মিছিল কর্মসূচির উপরে থাকবে নিষেধাজ্ঞা । উল্লেখ্য, ২৮ মে যেদিন থেকে ১৪৪ ধারা জারি হচ্ছে সেই দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোড শো হওয়ার কথা রয়েছে কলকাতায় । এই নোটিশ নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে । এমনকি বিস্ময় প্রকাশ করছেন কলকাতা পুলিশের বহু অভিজ্ঞ পুলিশ কর্তাও । বিগত কোনও নির্বাচন চলাকালীন এ ধরনের নোটিশ জারি হয়েছিল কি না তা মনে করতে পারছেন না একাংশ ।
এই অবস্থায় প্রশ্নের মুখে পড়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোড শো । এই রোড শো হবে সিঁথির মোড় থেকে শ্যামবাজার পর্যন্ত । এদিকে বিজেপি সুত্রে খবর, মোদীর এই রোড শো-এর জন্য এখনও পর্যন্ত শ্যামবাজার থেকে বিবেকানন্দের বাড়ি পর্যন্ত অনুমতি নেওয়া হলেও সিঁথির মোড় থেকে শ্যামবাজার পর্যন্ত রোড শো করার অনুমতি নেওয়া নেই । সে ক্ষেত্রে ১৪৪ ধারার আওতায় আগামীতে পুলিশ অনুমতি দেবে কি না তা নিয়েঅ প্রশ্ন উঠছে ।
একই সঙ্গে, বিশেষজ্ঞ মহলের একাংশের মতে, যেভাবে মোদীর রোড শো নিয়ে প্রশ্ন উঠছে ঠিক সেই একইভাবে প্রশ্নের মুখে পড়ছে শাসক দলের ২১ জুলাইয়ের কর্মসূচিও । কারণ, যে জায়গায় ২১ জুলাইয়ের কর্মসূচি পালিত হয় তা হেয়ার স্ট্রিট থানার আওতাধীন । লক্ষ্য করার বিষয় হল যে জায়গাগুলিতে ১৪৪ ধারা জারি করার কথা বলা হয়েছে সেই জায়গাগুলি অর্থাৎ, বউবাজার থানা, হেয়ার স্ট্রিট থানা এবং সদর দফতর রয়েছে কলকাতা ট্রাফিক গার্ডের অধীনে, কে.সি দাস ক্রসিং থেকে ভিক্টোরিয়া হাউসের দিকে (C.E.S.C. হেড অফিস) এবং বেন্টিক স্ট্রিট বাদের আশেপাশের এলাকা । এই জায়গাগুলিতে সারা বছরই ১৪৪ ধারা জারি থাকে । কলকাতা পুলিশের প্রকাশিত গেজেট অনুযায়ী সারা বছর ধরে ১৪৪ ধারা জারি করার জন্য একবারে নোটিশ দেওয়া সম্ভব না হওয়ায় দু’মাস পরপর এ ধরনের নোটিশ দেওয়া হয়ে থাকে ।
যদিও কলকাতা পুলিশের এই ব্যাখ্যা মেনে নিতে চাইছেন না রাজনৈতিক ব্যক্তিত্বরা । তাঁদের মতে লোকসভা ভোট চলাকালীন এ ধরনের নোটিশ এবং মূলত যে সমস্ত জায়গায় ১৪৪ ধারা জারি করার কথা বলা হয়েছে তার মধ্যে উত্তর কলকাতার অংশও পড়ে । ১ জুন ভোট রয়েছে কলকাতায় । শাসক দল তৃণমূলের কাছে উত্তর কলকাতা একটা বড় ফ্যাক্টর । সেক্ষেত্রে এই নোটিশের অর্থ হল, এই সমস্ত জায়গায় রাজনৈতিক প্রচার, মিছিলের অনুমতি মিলবে না । এই নিয়েই উঠছে প্রশ্ন ।
কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই দুই মাস কলকাতা শহরে কোন রকম মিটিং, মিছিল করা যাবে না । দু-মাস কোন রাজনৈতিক ও অ-রাজনৈতিক দলকে মিটিং মিছিলের কর্মসূচির অনুমতি দেওয়া হবে না শহর কলকাতায় । এমনই বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল । ১৪৪ ধারা জারি থাকবে শহর কলকাতার একাধিক জায়গায় । ফলত পাঁচজনের বেশি কোথাও জমায়েতও করা যাবে না ।
মূলত, ভোটের আগে ও পরে কলকাতায় যাতে কোন রকম অশান্তি না হয়, কোন হিংসার ঘটনা যাতে না ঘটে, তার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে । কারণ গোপন সূত্রের ভিত্তিতে কলকাতা পুলিশ খবর পেয়েছে যে এই সকল এলাকায় হিংসাত্মক বিক্ষোভ সংঘটিত হওয়ার সম্ভাবনা রয়েছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

