ঘাটালে ভোট গ্রহণের একদিন আগেই বিজেপির শুভেন্দু অধিকারী ও হিরণ চট্টোপাধ্যায়কে কটাক্ষ করলেন তৃণমূলের তারকা প্রার্থী দেব। তাঁর কথায়, খালি রামের নাম নিলেই হয় না রামের আশীর্বাদ দরকার হয়। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে নিজের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ নিয়ে মুখ খোলেন দেব।
এদিনের সাংবাদিক বৈঠকে দেব (TMC Candidate Dev) দাবি করেন, ‘গত তিন বছর ধরে হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee) আমাকে নিয়ে নানা কথা বলেছেন। তবে গত তিনমাসে বিজেপি প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা হওয়ার পর থেকে আমাকে নিয়ে প্রচুর বলেছেন। কখনও খুনি বানিয়েছেন, কখনও আতঙ্কবাদী, সন্ত্রাসবাদী বানিয়েছেন। এমনকি গতকালও শুভেন্দু অধিকারী চেষ্টা করেছেন হিরণকে জেতানোর।‘ তিনি আরও বলেন, ‘কার্মা বলে একটা শব্দ আছে। তিনমাস ধরে ওনারা যেভাবে চেষ্টা করেছেন আমাকে বদনাম করার শেষ দুদিনে সব চেষ্টা ভগবান ফেল করে দিয়েছে।‘
এই প্রসঙ্গেই তারকা-সাংসদ জানান, পিংলায় এক বিজেপি কর্মীর খুন নিয়ে ওনাদের যে প্রচার শুরু হয়েছিল, ওরা বলেছিল, দেবের হাতে খুন লেগে আছে। দেবের নির্দেশে খুন হয়েছে। গত পরশু কলকাতা হাইকোর্ট এই মামলা খারিজ করে দিয়েছে। আদালত জানিয়েছে, বিজেপি কর্মীর রক্তে অ্যালকোহল পাওয়া গিয়েছে। তাঁর হাত বাধা ছিল না। ওনারা (বিজেপি) যে মিথ্যে অভিযোগ করেছিল তা প্রমাণিত হয়ে গিয়েছে।
বৃহস্পতিবার দেব-শুভেন্দুর পোস্ট তরজার মধ্যেই আম আদমি পার্টির তরফে এক বিস্ফোরক অভিযোগ করা হয়। তারা দাবি করে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের ডক্টরেট ডিগ্রি ভুয়ো। এমনকি আরটিআই অ্যাক্টের অধীনে আবেদনে খড়গপুর আইআইটি জানিয়েছে হিরণ তাদের প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত নন। এদিনের সাংবাদিক বৈঠকে এনিয়েও কথা বলেন দেব। নাম না করেই তৃণমূল প্রার্থী বলেন, ‘তিনি (হিরণ চট্টোপাধ্যায়) ভুয়ো ডক্টরেট সার্টিফিকেট নিয়ে ঘুরছেন। ভোটের একদিন আগেই জানা গেল। এমনকি কেন ইডি-সিবিআই তাঁর পিছনে রয়েছে, ভোটের আগে তাও পরিষ্কার হয়ে গেল বলে দাবি করেন দেব।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

