ভোটে হেরে যাবে বুঝতে পেরেই ঘাটালের প্রতিটি বিধানসভায় টাকা নিয়ে ঘুরছে বিজেপি। চেষ্টা চলছে ভোট কেনার, ষষ্ঠ দফার নির্বাচনের একদিন আগে সাংবাদিক বৈঠকে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন ঘাটালের বিদায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে নিশানায় আনেন তিনি।
দেব বলেন, ‘গত তিন বছর ধরে হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee) আমাকে নিয়ে নানা কথা বলেছেন। তবে গত তিনমাসে বিজেপি প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা হওয়ার পর থেকে আমাকে নিয়ে প্রচুর বলেছেন। কখনও খুনি বানিয়েছেন, কখনও আতঙ্কবাদী, সন্ত্রাসবাদী বানিয়েছেন। এমনকি গতকালও শুভেন্দু অধিকারী চেষ্টা করেছেন হিরণকে জেতানোর।‘ তৃণমূলের তারকা প্রার্থীর অভিযোগ, যখন দেখল কোনওভাবেই দেবকে হারানো যাচ্ছে না তারপরই টাকা নিয়ে ভোট কিনতে সমস্ত বিধানসভায় ঘুরে বেড়াচ্ছে। দেব বলেন, আমাদের কাছে খবর এসেছে ওনারা (বিজেপি) প্রত্যেক বিধানসভায় গিয়ে টাকা বিলি করছে। আজকে একটা গাড়ি ধরা পড়েছে যেখান থেকে ৩৩ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। এনিয়ে তাঁর কটাক্ষ, আমাকে গরু চোর বলা হয়, আমার কাছে নাকি গরু চুরির টাকা আছে, আমি বলব গরু চুরির টাকাতো এদের কাছে আছে। কোটি কোটি টাকা ধরা পড়েছে।‘
বিজেপিকে (BJP) নিশানায় এনে ঘাটালের দু’বারের সাংসদের দাবি, তাদের টার্গেট তৃণমূল কংগ্রেস ছিল না, তাদের টার্গেট ছিল দেব। তিনমাস ধরে শুভেন্দু অধিকারী সহ অনেকেই চেষ্টা করেছে দেবের ভাবমূর্তি নষ্ট করতে হবে। বিভিন্ন রকম ভাবে ভয় দেখানো, ইডি-সিবিআই, ফেক অডিয়ো ভাইরাল করা আরও অনেক কিছু করেছে।‘
উল্লেখ্য, ভোটের একদিন আগেই ঘাটালের দাসপুরে বিজেপি নেতা প্রশান্ত বেড়ার কাছ থেকে কয়েক লক্ষ টাকা উদ্ধার হয়। এই ঘটনায় প্রশান্ত বেড়াকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যদিও তাঁর দাবি, পুরো টাকাটাই নির্বাচনের খাতে খরচ করার জন্য। তবে ভোটের কয়েক ঘণ্টা বাকি থাকতে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনায় শোরগোল পড়েছে এলাকায়।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

