বাংলাদেশের সাংসদ খুনে উঠে এল এক হাড় হিম করা তথ্য। খুন, দেহের টুকরো করা, এখানেই থেমে থাকেনি অভিযুক্তরা। প্রমাণ লোপাটের জন্য দেহাংশের চামড়া ছাড়িয়ে বানানো হয়েছিল কিমা, এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এল তদন্তকারীদের হাতে।
তদন্তকারীদের অনুমান, গত ১৩ মে নিউটাউনের ফ্ল্যাটে খুন হন বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম। খুনের পর তাঁর দেহ টুকরো টুকরো করে হাড় ও মাংস আলাদা করা হয়। একাধিক কালো প্লাস্টিকের ব্যাগে দেহের টুকরোগুলি ভরে আলাদা আলাদা জায়গায় ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। তবে সন্দেহ এড়াতে দেহাংশ চামড়া ছাড়িয়ে কিমা করে মশলা মাখানো হয়েছিল বলেও জানা যাচ্ছে। তদন্তকারী সূত্রে আরও জানা যায়, প্রমাণ লোপাটের জন্য গত ৩০ এপ্রিল অনলাইনে একটি সাদা রঙয়ের গাড়ি ভাড়া করা হয়েছিল।
রাজ্য অধীনস্থ তদন্তকারী সংস্থা সিআইডি ধৃতদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে তথ্য-প্রমাণ জোগাড় করার চেষ্টা করছে। তবে জানা গিয়েছে, এক অভিযুক্ত জিহাদ নিজের বয়ানের মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। গত বৃহস্পতিবারও তাঁর কথায় শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে পুলিশ। কিন্তু দেহাংশ কোথাও খুঁজে পাওয়া যায়নি। জিহাদকে জেরা করতে বাংলাদেশ পুলিশ কলকাতায় আসতে পারে বলে খবর।
উল্লেখ্য, বাংলাদেশের আওয়ামী লিগের সাংসদ আনোয়ারুল আজিম চিকিৎসার জন্য গত ১২ মে কলকাতায় আসেন। ১৬ মে থেকেই নিখোঁজ তিনি। তাঁর পরিবার ও ঘনিষ্ঠরা অনেক চেষ্টা করেও যোগাযোগ করতে পারেননি। এরপর গত ১৮ মে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ তদন্ত শুরু করলেই অনুমান করা হয় সাংসদকে খুন করা হয়েছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

