কথামতই আরণ্যক ট্রেডার্সের সঙ্গে টাকা লেনদেনের হিসেব সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেতা তথা ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। বৃহস্পতিবার সকালে রাজ্যের বিরোধী দলেনেতা শুভেন্দু অধিকারী একটি পোস্ট শেয়ার করেন। যেখানে দেখা যায় আরণ্যক ট্রেডার্সের তরফে দেবের প্রযোজনা সংস্থাকে দু’দফায় ২৫ লক্ষ করে টাকা দেওয়া হয়েছে। এনিয়ে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় সরব হন। এদিন দুপুরেই তাঁকে কটাক্ষ করে জবাব দিলেন দেব।
নিজের এক্স হ্যান্ডেলে দেব তাঁর প্রযোজনা সংস্থা দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেডের সঙ্গে আরণ্যক ট্রেডার্সের টাকার লেনদেনের খতিয়ান প্রকাশ করেছেন দেব। সেখানে নাম না করে হিরণ চট্টোপাধ্যায়কে ‘ডক্টর বাবু’ কটাক্ষ করে তিনি লেখেন, ‘সিনেমার জন্য লগ্নি করেছিলেন সিনেমা রিলিজের পর ফেরত দিয়ে দেওয়া হয়েছিল। এই যে ডক্টরবাবু আমার Ledger।’ ছবিতে দেখা যাচ্ছে, ২০১৭ সালের নভেম্বর মাসেই দু’দফায় ৫০ লক্ষ টাকা ফেরত দিয়েছেন দেব।

এদিন শুভেন্দু অধিকারীর এক্স হ্যান্ডেলে দুটি ছবি শেয়ার করা হয়েছে। দেখা যাচ্ছে, ২০১৬ সালে আরণ্যক ট্রেডার্স থেকে দু’দফায় ২৫ লক্ষ টাকা অর্থাৎ মোট ৫০ লক্ষ টাকা দেওয়া হয়েছে। দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে, একটি ডায়রিতে ২৫.১.২০১৭ তারিখ দিয়ে হিসেব লেখা রয়েছে। যার মধ্যে দেব মোবাইল ৭২ হাজার টাকা এবং দেব ঘড়ি ৪ লক্ষ ৬০ হাজার টাকা লেখা আছে (নিউজ টাইম বাংলা এই তথ্যের সত্যতা যাচাই করেনি)।
শুভেন্দুর পোস্টের পরই ঘাটালের দু’বারের সাংসদ তথা তৃণমূল প্রার্থী দেব (Ghatal TMC Candidate Dev) নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন। একটি পোস্টার শেয়ার করেন যেখানে একাধিক তারকাদের সঙ্গে হিরণের ছবিও আছে। পোস্টারে লেখা, পিন্টু মণ্ডল নিবেদিত গীত সঙ্গীত পরিবার! গরু পাচার মামলায় পিন্টু মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পোস্টে শুভেন্দু ও হিরণকে একযোগে নিশানায় এনে পাল্টা প্রশ্ন তোলেন, তাহলে হিরণও কী গরু পাচার মামলায় যুক্ত? এদিনের এক সাক্ষাৎকারে তারকা প্রার্থী দাবি করেন, ‘আমি যদি গরু চোর হই তাহলে ইন্ডাস্ট্রির ৯০% মানুষ গরু চোর। টলিউড ও বলিউডের বড় বড় অভিনেতারা কাজ করেছেন। কিন্তু কাউকে ডাকা হয়নি তদন্তের জন্য। শুধুমাত্র আমাকে ডাকা হয়েছে আমি তৃণমূলের সাংসদ বলে।’ পাশাপাশি বিজেপি প্রার্থীকেই ‘সবচেয়ে বড় গরু চোর’ বলে কটাক্ষ করেন দেব।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

