ঘাটাল লোকসভা কেন্দ্রে ভোটের দুদিন আগে রাজনৈতিক মহলে চাঞ্চল্য শুভেন্দু অধিকারীর পোস্ট ঘিরে। গরু পাচার মামলায় মূল অভিযুক্ত এনামূল হকের সঙ্গে দেবের টাকার লেনদেন হয়েছে, এমনই দাবি করলেন বিরোধী দলনেতা। এবারে পাল্টা জবাব দিতে মাঠে নেমে পড়লেন দেবও। একটি পোস্ট শেয়ার করে তিনি দাবি করলেন গরু পাচার মামলায় যুক্ত রয়েছে বিজেপির হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)।
শুভেন্দুর পোস্টের পরই ঘাটালের দু’বারের সাংসদ তথা তৃণমূল প্রার্থী দেব (Ghatal TMC Candidate Dev) নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন। দেব একটি ছবি শেয়ার করেছেন যেখানে বলিউডের গোবিন্দা, রবিনা ট্যাণ্ডন, হিমেশ রেশমিয়া থেকে শুরু করে টলিউডের পায়েল, ঋতুপর্ণা সেনগুপ্ত, রণিতা সহ হিরণের ছবি রয়েছে। পোস্টারে লেখা, পিন্টু মণ্ডল নিবেদিত গীত সঙ্গীত পরিবার! দেব লেখেন, ‘ও শুভেন্দু দা, তুমি নাকি কোথায় মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছো, হিরণের পাল্লায় পড়ে তোমাকে তো কাউন্সিলরে নামিয়ে দিচ্ছে। ভালোবাসি বলে বললাম, আমিও জানি তুমি আমাকে ভালোবাসো। আর রইলো কথা গরু চুরির টাকা, তোমার কোলের ছেলে হিরো হিরণ সেও পিন্টু মন্ডলের থেকে টাকা নিয়েছেন, তাহলে উনিও..। ’আরও একটি পোস্ট করে অভিনেতা-সাংসদ লেখেন, ‘তাহলে উনিও কি গরু চোর ? শুভেচ্ছা দুজনকেই। আর একটা কথা আমার ভদ্রতা কিন্তু আমার দুর্বলতা নয়।‘ তাঁর সংযোজন, ‘ও শুভেন্দু দা তোমার প্রার্থী তো প্রথম থেকেই মিথ্যে কথা বলছে, ঢপের ডক্টর। আর কত বোকা বানাবে ঘাটালের মানুষকে…।’
জানা গিয়েছিল, এনামূল হকের সূত্র ধরেই দেবকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তদন্তে একটি ডায়রি বাজেয়াপ্ত হয় যেখানে টাকার লেনদেনের হিসেব লেখা রয়েছে বলে খবর। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, গরু পাচারের মামলার একটা বড় অংশের টাকা চলচ্চিত্র জগতেও বিনিয়োগ হয়েছে। সেই সূত্রে পিন্টু মণ্ডল নামে এক প্রযোজককেও তলব করে সিবিআই। দেবের পোস্টে সেই পিন্টু মণ্ডলের কথা উল্লেখ করা হয়েছে বলেই মনে করা হচ্ছে।
উল্লেখ্য, কয়েকদিন আগেই প্রকাশ্যে কার্যত হুঁশিয়ারি দিয়েই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানিয়েছিলেন, ২৩ মে সকাল ৯ টায় দেব সংক্রান্ত কিছু তথ্য ফাঁস করবেন। কথামতই আজ নিজের এক্স হ্যান্ডেলে ‘দেবের কীর্তি’ ফাঁস করলেন তিনি। শুভেন্দু অধিকারীর পোস্টে দুটি ছবি শেয়ার করা হয়েছে। দেখা যাচ্ছে, ২০১৬ সালে আরণ্যক ট্রেডার্স থেকে দু’দফায় ২৫ লক্ষ টাকা অর্থাৎ মোট ৫০ লক্ষ টাকা দেওয়া হয়েছে। দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে, একটি ডায়রিতে ২৫.১.২০১৭ তারিখ দিয়ে হিসেব লেখা রয়েছে। যার মধ্যে দেব মোবাইল ৭২ হাজার টাকা এবং দেব ঘড়ি ৪ লক্ষ ৬০ হাজার টাকা লেখা আছে (নিউজ টাইম বাংলা এই তথ্যের সত্যতা যাচাই করেনি)।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

