‘রেমাল’-এর ভ্রুকুটি! রয়েছে গভীর নিম্নচাপের আশঙ্কাও

মে মাসে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল । বিগত কয়েকদিন ধরেই এই সাইক্লোন নিয়ে তুমুল চর্চা চলছে । এসবের মাঝেই এবার ঘূর্ণিঝড় নিয়ে লেটেস্ট আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর ।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ইতিমধ্যেই যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, তা বুধবার নিম্নচাপের আকার নেবে । বুধবার দুপুরের পর সেই নিম্নচাপ তৈরি হতে পারে বলে অনুমান । প্রাথমিকভাবে এই নিম্নচাপটি জলভাগের ওপর দিয়ে জলীয় বাষ্প সংগ্রহ করে উত্তর-পূর্ব দিকে এগোতে পারে । আজ নিম্নচাপের আকার নেওয়ার পর আগামী শুক্রবার সেটি অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে । তবে এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে কি না সেই বিষয়ে দিল্লির মৌসম ভবনের তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর এটি গতি এবং দিক পরিবর্তন করতে পারে । সেই কারণেই এর ওপর কড়া নজর রাখা হচ্ছে ।

অন্যদিকে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ নিয়েও বড় সুখবর শুনিয়েছে হাওয়া অফিস । এখনও পর্যন্ত মৌসুমী বায়ুর গতিপ্রকৃতি দেখে আশা করা যায়, আগামী ৪ জুনের পর ৭-১৩ দিনের মাথায় দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের ভালো রকম সম্ভাবনা রয়েছে । পাশাপাশি জানা যাচ্ছে চলতি মে মাসে বৃষ্টির কারণে কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের আর তেমন সম্ভাবনা নেই ।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৭ দিন রাজ্যে বৃষ্টি চলবে । মে মাসে এখনও অবধি তেমন তাপপ্রবাহে পুড়তে হয়নি দক্ষিণবঙ্গবাসীকে । আগামী ২৭ মে পর্যন্ত গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । শুক্রবার বঙ্গোপসাগরে সিস্টেম অতি গভীর ঘূর্ণিঝড়ের আকার নিলে সেই বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পাবে । গতকাল দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেক জেলাতেই কমবেশি বৃষ্টি হয়েছে । বুধবারও একাধিক জেলাতে বর্ষণের সম্ভাবনা রয়েছে । তবে আজ বৃষ্টিপাতের পরিমাণ এবং ব্যাপকতা আগের চেয়ে কমবে । আঞ্চলিকভাবে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে । আগামীকাল দক্ষিণবঙ্গের উপকূলবর্তী কয়েকটি জেলায় সামান্য বৃষ্টি হতে পারে ।

একই সঙ্গে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার থেকে বাংলায় বৃষ্টির পরিমাণ বাড়বে । সেদিন সমুদ্রও উত্তাল হতে পারে বলে খবর । পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগণায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । উপকূলবর্তী অঞ্চলে ঘন্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে । উত্তর ২৪ পরগণা এবং পশ্চিম মেদিনীপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । তবে সেখানে ঝোড়ো হাওয়ার গতিবেগ কিছুটা কম থাকবে । দমকা হাওয়ার সঙ্গে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে কলকাতা, হুগলি, হাওড়া, বাঁকুড়া এবং নদিয়ায় । অন্যদিকে আগামীকাল উত্তরবঙ্গের পার্বত্য জেলায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube