বছরের শুরু থেকেই সন্দেশখালির ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্য-রাজনীতি। বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই জায়গাটি। মঙ্গলবার তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামের সমর্থনে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঞ্চ থেকেই সন্দেশখালি ইস্যুতে বিজেপিকে আক্রমণ করেন তিনি। ‘সন্দেশখালি বিজেপির প্ল্যান এ ছিল’ এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, ‘মা-বোনেদের নিয়ে যেন অসম্মানের খেলা কেউ না খেলে। ভোটের আগে বিজেপির প্ল্যান এ ছিল সন্দেশখালি। মা-বোনেরাই তা বাতিল করে দিয়েছে।‘ ‘বিজেপির প্ল্যান বি এখনও জারি রয়েছে। ধর্মস্থানে অশান্তি তৈরি করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি আর্জি জানান, বিজেপি ফাঁদে কেউ পা দেবেন না। প্ররোচিত হয়ে অশান্তির মধ্যে জড়াবেন না।
সন্দেশখালির (Sandeshkhali) বহিষ্কৃত তৃণমূল নেতা শেখ শাহজাহান ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে ধর্ষণ সহ নানা অভিযোগ উঠেছিল। পথে নেমেছিল স্থানীয় মহিলারা। এই ইস্যুকে কেন্দ্র করে দেখা যায় শাসক-বিরোধী তরজা। এদিন বসিরহাটের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ভারতবর্ষে সবচেয়ে বেশী মহিলাদের উপর অত্যাচার হয়েছে। উত্তরপ্রদেশের মহিলাদের উপর অত্যাচার হয়েছে। দলিতদের উপর অত্যাচার চলছে। আমাদের এখানে একটা-দুটো ঘটনা যা ঘটে আমরা সাথে সাথে ব্যবস্থা নিই।‘ পাশাপাশি মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, ‘রাম-রহিম, কেষ্ট-বিষ্টু যেই হোক না কেন, কাউকে ছাড়া হয় না।‘
২০১৯ সালে বসিরহাট (Basirhat) লোকসভা কেন্দ্রে অভিনেত্রী নুসরত জাহানকে প্রার্থী করে তৃণমূল। জয় পেয়ে সাংসদ নির্বাচিত হয়েছিলেন তিনি। সন্দেশখালির ঘটনায় যখন বিশৃঙ্খলতা ছড়ায় স্থানীয়দের অভিযোগ, এলাকার সাংসদ একবারও ঘটনাস্থলে আসেননি। নুসরতের বিরুদ্ধে ক্ষোভ বাড়তে থাকে সাধারণ মানুষের। চলতি নির্বাচনে আর তাঁকে টিকিট দেয়নি শাসক দল। বসিরহাটের প্রাক্তন সাংসদ হাজি নুরুল ইসলামকে প্রার্থী করা হয়। আগামী ১ জুন এই কেন্দ্রে ভোটগ্রহণ। তার আগে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার সারলেন তৃণমূল সুপ্রিমো।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

