নির্বাচনী প্রচারে গিয়ে হামলার মুখে বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। মঙ্গলবার সকালে মেদিনীপুরে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের হয়ে রোড শো করছিলেন। অভিযোগ, সেইসময়েই আচমকা তৃণমূলের কর্মী-সমর্থকরা বিজেপির মিছিল লক্ষ্য করে ইট, বোতল ছুঁড়ে মেরে। দ্রুত রোড শো থামিয়ে দেওয়া হয়।
এদিন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের হয়ে প্রচার করতে আসেন বিজেপির তারকা নেতা মিঠুন চক্রবর্তী। মেদিনীপুরের কালেক্টরেট মোড় থেকে কেরানিটোলার পর্যন্ত যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু মাঝপথেই তৃণমূলের সমর্থকরা পোস্টার হাতে বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করে বলে অভিযোগ। এনিয়ে বিজেপি-তৃণমূলের বচসা শুরু হয়। এরপরই মিঠুন চক্রবর্তীকে লক্ষ্য করে ইট, বোতল ছোঁড়া হয় বলে অভিযোগ।
দ্রুত রোড শো থামিয়ে অগ্নিমিত্রা ও মিঠুনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয় বলে খবর। এই ঘটনায় কারও আঘাত লাগেনি বলেও জানা গিয়েছে। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে। গোটা ঘটনায় শাসক দলের দিকেই অভিযোগের আঙুল তুলেছে পদ্ম শিবির। তাঁদের আরও অভিযোগ, পুলিশের সামনে অশান্তি শুরু হলেও তাদের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়নি। তাই এতদূর জল গড়ায়।
উল্লেখ্য, আগামী ২৫ মে ষষ্ঠ দফায় মেদিনীপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন রয়েছে। বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের বিরুদ্ধে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বীতা করবেন তৃণমূলের তারকা প্রার্থী জুন মালিয়া। গতবার এই কেন্দ্র থেকে জিতেছিলেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। এবারেও মেদিনীপুর আসন নিজেদের দখলে রাখতে মরিয়া গেরুয়া শিবির। সেই লক্ষ্যেই চলছে প্রচার।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

