তাপস রায়ের সমর্থনে রোড শো মোদীর, আগামী সপ্তাহেই বাংলায় শেষ প্রচার প্রধানমন্ত্রীর

লোকসভা নির্বাচনের প্রায় শেষ লগ্ন! পাঁচ দফায় ভোট শেষ হয়েছে। বাকি আর দু’দফার ভোট। সপ্তম দফার নির্বাচনের আগে ফের বাংলায় ভোটপ্রচারে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে রোড শো করবেন তিনি। দিনক্ষণ প্রায় ঠিক করে ফেলা হয়েছে। রোড শোয়ের জন্য রুট ও নিরাপত্তা খতিয়ে দেখবে এসপিজি।

সূত্রে খবর, আগামী ২৮ মে  উত্তর কলকাতায় বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে রোড শো করবেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। সব ঠিক থাকলে ওইদিন বিকেলে শ্যামবাজার থেকে সিঁথি পর্যন্ত রোড শো হবে। সেখান থেকেই উত্তর কলকাতার ভোটারদের কাছে তাপস রায়ের হয়ে ভোট চাইবেন মোদী। ২৯ মে বারাসত ও বারুইপুরে জোড়া জনসভা রয়েছে প্রধানমন্ত্রীর। ২৯ তারিখের কর্মসূচি শেষ করে বাংলায় ভোট প্রচারে ইতি টানবেন প্রধানমন্ত্রী।

উত্তর কলকাতা তৃণমূলের শক্ত ঘাঁটি বলেই পরিচিত। ২০০৯ সাল থেকেই এই কেন্দ্রের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। এবারেও তাঁর উপরেই ভরসা রেখেছেন শাসক দল। অন্যদিকে বিজেপির প্রার্থী তাপস রায় (Tapas Roy)। দীর্ঘদিন তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ২০২১ সালে তৃণমূলের টিকিটে বরানগর বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন। বিপুল ভোটে জিতেওছিলেন। চলতি বছরেই মার্চ মাসে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন তিনি। এরপরই তাঁকে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের প্রার্থী করে বিজেপি। এবার তাঁর সমর্থনে ভোট প্রচারে আসছেন নরেন্দ্র মোদী।

উল্লেখ্য, লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই দফায় দফায় বাংলায় ভোট প্রচারে আসছেন নরেন্দ্র মোদী সহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বাংলার ৪২ আসনে বিশেষ নজর রেখেছে পদ্ম শিবির। তাই প্রচারে কোনও খামতি রাখতে চাইছে না তারা। সেই লক্ষ্যেই বাংলায় একের পর এক জনসভা করছেন মোদী-শাহ। গত শনিবার দুদিনের বঙ্গ সফরে এসেছিলেন প্রধানমন্ত্রী। ষষ্ঠ দফার ভোটের আগে দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করেছেন তিনি। আগামী সপ্তাহে ফের বাংলায় আসছেন মোদী।   

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube