মর্মান্তিক পথ দুর্ঘটনার বলি এক । সরকারি বাসের বেপরোয়া গতির বলি হতে হল এক ব্যক্তিকে । দফায় দফায় পথ অবরোধ করেন উত্তেজিত জনতারা । পুলিশকে ঘিরে ধরেও চলে বিক্ষোভ । এই ঘটনায় মঙ্গলবার উত্তেজনা ছড়াল দুর্গাপুরে । মৃত ব্যাক্তির নাম শ্যামল প্রামানিক, দুর্গাপুরের ফরিদপুর গ্রামের বাসিন্দা । গোটা ঘটনায় উত্তেজনা দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত দক্ষিনবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার প্রধান কার্যালয়ের সামনে ।
এদিনের ঘটনায় অভিযোগ ওঠে সরকারি বাসের চালক এদিন মত্ত অবস্থায় বাসটি চালাচ্ছিলেন । আর মদ্যপ চালকের বেপরোয়া ড্রাইভিং এর জন্যই মৃত্যু হয় এক ব্যাক্তির । প্রতিবাদে দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার মূল কার্যালয়ের সামনে দফায় দফায় পথ অবরোধ করেন স্থানীয়রা । অফিসের ভেতর ঢুকে পড়ে চলে উত্তেজিত জনতার বিক্ষোভ । পাশাপাশি, উত্তেজিত জনতার বিক্ষোভের মুখে পড়তে হয় কোকওভেন থানার পুলিশকেও ।
ঘটনার সূত্রপাত মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ । দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার আসানসোল ডিপোর একটি বাস ডিভিসি মোড়ের দিক থেকে দুর্গাপুর স্টেশনের দিকে আসছিল বলে জানা যায় । ফিলিপস কার্বন কারখানার মোড়ের কাছে বেপরোয়া ওই সরকারি বাস এক স্কুটি চালককে ধাক্কা মারে । সরকারি বাসের চাকার সাথে আটকে যান স্কুটি চালক । পথ চলতি মানুষ বাসটিকে দাঁড় করানোর চেষ্টা করলে সেই বাস প্রায় ৫০০ মিটার পর্যন্ত স্কুটি চালককে হেঁচড়ে দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার প্রধান কার্যালয় পর্যন্ত নিয়ে আসে ।
জনতার ক্ষোভের আঁচ বুঝতে পেরে সরকারি বাসের প্রধান কার্যালয়ের ভেতর ঢুকিয়ে দেয় বাস চালক । ততক্ষণে মৃত্যু হয়েছিল ওই স্কুটি চালকের । বারবার দাঁড় করানোর কথা বললেও কেন সরকারি বাসের চালক গাড়ি দাঁড় করলেন না, এই প্রশ্ন তুলে উত্তেজিত জনতা দুর্গাপুর স্টেশন রোড দফায় দফায় অবরোধ করেন ।
কোকওভেন থানার পুলিশ ঘটনাস্থলে এলে তারাও জনতার ক্ষোভের মুখে পড়ে । উত্তেজিত জনতা এরপর দক্ষিনবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার প্রধান কার্যালয়ের ভেতর ঢুকে পড়ে বাসের চালককে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানাতে থাকেন । পুলিশ এসে উত্তেজিত জনতাকে বোঝানোর চেষ্টা করলেও তাঁরা আর শান্ত হননি । তাঁদের দাবি, ঘটনায় ক্ষতিপূরণ দিক সংস্থা । একই সঙ্গে তাঁরা দাবি জানান, অবিলম্বে সেই বাসের চালককে সাসপেন্ড করার, নচেৎ তাদের হাতে তুলে দেওয়া হোক বাসের চালককে । এই নিয়েই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার অফিসের সামনে ।
যতক্ষণ না তাদের দাবি মানা না হচ্ছে ততক্ষন আন্দোলন জারি থাকবে বলে হুঁশিয়ারি দেন উত্তেজিত জনতা । অভিযোগ, সরকারি বাসের বেপরোয়া গাড়ি চালানোর বলি হতে হয় ওই স্কুটি চালককে । তাঁরা জানান, এর আগেও এমন ঘটনা ঘটেছে, কিন্তু কেউ আর দেখে না । ট্রাফিক পুলিশ তোলা তুলতে ব্যাস্ত থাকে, আর তাই প্রতিদিন এই দুর্ঘটনা ঘটেই চলেছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

