এপ্রিল এবং মে । সিনেমা প্রেমীদের কাছে ছিল ভাটার মাস । কারণ এই দু’ মাসে সেভাবে কোনও সিনেমা বক্স অফিসে সফল হয়নি । চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, চলতি মাসের শেষের দিকে বিগ স্ক্রিনের ছবিটা কিছুটা বদলাবে । আর জুলাই মাসে ? বারো তারিখ একসঙ্গে মুক্তি পাবে চার চারটি ছবি ।

কমল হাসান, অক্ষয় কুমার, জন আব্রাহাম এবং স্কারলেট জোহ্যানসন । ভাবছেন বলিউড এবং হলিউডের মিশেলে নতুন কোনও ছবি তৈরি হচ্ছে ? আর এই নামগুলো সেই সিনেমার স্টার কাস্ট ? এখন সেই গল্পই বলব ? একদমই না । বরং এই চারজনের চারটি সিনেমা রিলিজ করছে একই দিনে । মানে জুলাই মাসের ১২ তারিখ । প্রথম ছবিটি মেগাস্টার কমল হাসানের ‘ইন্ডিয়ান টু‘ । একই সঙ্গে মুক্তি পাচ্ছে বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারের ‘সরফিরা‘ । এছাড়া আছে জন আব্রাহামের ‘ভেদা‘ । আর চতুর্থ ছবিটি হলিউডের । স্কারলেট জোহ্যানসন অভিনিত ‘ফ্লাই মি টু দ্য মুন’ ।

প্রথমেই যে সিনেমার কথা না বললেই নয়, সেটা হল মেগাস্টার কমল হাসানের ‘ইন্ডিয়ান টু’ । ২২ তারিখ প্রকাশিত হয়েছে এই সিনেমার একটি গান । অনিরুদ্ধ-কমল হাসান জুটির মিউজিক্যাল নম্বর । সেখানে অনিরুদ্ধ রবিচন্দ্র-র সুরে গান গেয়েছেন উলগানায়গন ।
নির্মাতারা জানিয়েছে, ১২ জুলাই একসঙ্গে একাধিক ভাষায় মুক্তি পাবে ইন্ডিয়ান টু । হিন্দি ভার্সানের নাম – ‘হিন্দুস্তানি টু’। ১১৯৬ সালে প্রথম মুক্তি পেয়েছিল ইন্ডিয়ান । কমল হাসানের সঙ্গে ছিলেন বলিউডের দুই নায়িকা মনিশা কৈরালা এবং উর্মিলা মাতন্ডকর । পরিচালক ছিলেন এস শঙ্কর । মিউজিক ডিরেক্টর – এ আর রহমান । প্রায় ২৭ বছর পর আবার আসছে সেই ছবির সিক্যুয়াল – ইন্ডিয়ান টু । এবার এই ছবিতে উলগানায়গনের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন কজল আগরওয়াল, রাকুলপ্রীত সিং, ঐশর্য রাজেশ, এস জে সূর্য । পরিচালক সেই এস শঙ্কর । তবে সঙ্গীত পরিচালনার দায়িত্বে এবার সাদার্ন মিউজিক্যাল সুপারস্টার অনিরুদ্ধ রবিচন্দ্র ।

‘সরফিরা’
কমল হাসানের ইন্ডিয়ান টুয়ের সঙ্গেই জুলাই মাসের ১২ তারিখ মুক্তি পাচ্ছে অক্ষয় কুমারের সরফিরা । ছবিটি জনপ্রিয় তামিল ছবি ‘সুরারাই পট্টরু’-র রিমেক । ২০২০ সালে মুক্তি পেয়েছিল দক্ষিণি সুপারস্টার সূর্য অভিনিত ‘সুরারাই পট্টরু’ । ৬৮ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে সেরা ছবি সব পাঁচটি বিভাগে সম্মানিত হয় সুধা কোঙ্গারা পরিচালিত এই ছবি । এমনকি ৯৩ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসেও বিভিন্ন বিভাগে মনোনিত হয় এই ছবি ।

সূর্য-র সঙ্গে এই সিনেমায় অভিনয় করেন অপর্না বালমুরলী, মোহন বাবু, পরেশ রাওয়াল । সেই সুপারহিট ছবিরই রিমেক, অক্ষয় কুমারের সারফিরা । সেখানে খিলাড়ির সঙ্গে রয়েছেন রাধিকা মদন, পরেশ রাওয়াল, সিমা বিশ্বাস । একটি বিশেষ চরিত্রে দেখা যাবে সূর্যকেও । পরিচালক সেই সুধা কোঙ্গারাই । ছবিটি এয়ার ডেকানের প্রতিষ্ঠাতা – ক্যাপ্টেন জি আর গোপীনাথের জীবন নিয়ে তৈরি । কীভাবে তিনি বিমান যাত্রাকে মধ্যবিত্তের সাধ্যের মধ্যে এনেছিলেন, সেই গল্পই বলবে এই বায়োপিক ।

একই দিনে মুক্তি পাচ্ছে জন আব্রাহাম অভিনিত ‘ভেদা’ । সত্যি ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত এই ছবিতে এক মহিলার লড়াইয়ের কথা বলা হয়েছে । তার পাশে দাড়িয়ে, তার লড়াইয়ের শরিক এক যুবক । জন আব্রাহামের সঙ্গে ‘ভেদা’ সিনেমায় স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে শরভরি ওয়াগকে । এছাড়াও রয়েছেন তমন্না ভাটিয়া, অভিষেক ব্যানার্জি, আশিস বিদ্যার্থী । পরিচালক বলিউডের পরিচিত নাম – নিখিল আডভানি ।

দীর্ঘ দিন বাদে জনের কোনও ছবি মুক্তি পাচ্ছে । তাই এই ছবি ঘিরে যথেষ্ট আশাবাদী জনের ফ্যানরা । ২০২৩ সালের ২০ জুন রাজস্থানে শুরু হয়েছিল শুটিং । আর ডিসেম্বর মাসেই কাশ্মীরে শেষ হয় শুটিং । তারপর শুরু হয় পোস্ট প্রোডাকশনের কাজ । আপাতত মুক্তির জন্য রেডি ।

তিনটি ভারতীয় ছবির পাশাপাশি, একই দিনে দেশজুড়ে মুক্তি পাচ্ছে হলিউডের একটি ছবিও । নাম – ‘ফ্লাই মি টু দ্য মুন’ । স্কারলেট জোহ্যানসনের সঙ্গে কলম্বিয়া পিকচার্সের এই সিনেমায় অভিনয় করেছেন চ্যানিং ম্যাথ্যু ট্যাটুম, অ্যানা গার্সিয়া সহ আরও অনেকে । পরিচালক – গ্রেগ বেরলান্তি । ষাটের দশকে মহাকাশ অভিযানকে কেন্দ্র করে সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটা ঠান্ডা লড়াই চলছিল । যার কেন্দ্রবিন্দুতে ছিল মিশন অ্যাপেলো ইলেভেন । সেই সময় নাসার এক ডিরেক্টরের সঙ্গে মার্কেটিং স্পেশালিস্টের প্রণয়, যা সেই সময় সংবাদ শিরোনাম হয়েছিল, সেই ঘটনাকে ঘিরেই তৈরি হয়েছে ‘ফ্লাই মি টু দ্য মুন’ ।
একই দিনে চার চারটি ছবির মুক্তি । দেশজুড়ে হল শেয়ার করবে চার চারটি বিগ বাজেটের ছবি । নাম ভূমিকায় এক সে বড়কর এক সুপারস্টার । ফলে জুলাই মাসের ১২ তারিখকে বলা যেতেই পারে যে বলিউডের ডি-ডে । বক্স অফিসের এই চতুর্মুখী লড়াইয়ে সবচেয়ে সফল কোন ছবি, সে তো সময়ই বলবে । তবে অনেকদিন বাদে, আবারও ফিল্মি জ্বরে আক্রান্ত হবেন সিনেমাপ্রেমীরা, সেটা আর বলার অপেক্ষা রাখে না । ফলে এক কথায় বলা যেতেই পারে যে এবারের জুলাই মাস একেবারে জমজমাট ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

