লোকসভা নির্বাচনের আগে খবরের শিরোনামে উঠে এসেছিলেন স্বপন বন্দ্যোপাধ্যায় ওরফে বাবুন। তিনি সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই। ভোটের টিকিট না পেয়ে তৃণমূলের বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে লড়াইয়ের হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছিলেন। এরপর জল গড়িয়েছে অনেক দূর। সোমবার ভোটকেন্দ্রে গিয়েও ভোট দিতে পারলেন না সেই বাবুন। তাঁর নাম নাকি তালিকা থেকে ‘ডিলিট’ হয়ে গিয়েছে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন খোদ মুখ্যমন্ত্রীর ভাই।
সোমবার পঞ্চম দফায় বাংলার হাওড়া লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এই কেন্দ্রের ভোটার স্বপন বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, এদিন ভোট দিতে গিয়ে দেখেন তালিকাতে তাঁর নামের ওপর লেখা ‘ডিলিটেড’। তাই ভোট না দিয়েই ফিরে আসতে হয় তাঁকে। এনিয়ে আক্ষেপ প্রকাশ করতেও দেখা যায় বাবুনকে। কী করে তাঁর নাম ডিলিট হল বুঝে উঠতে পারছেন না। তাঁর কথায়, ‘একজন নাগরিক হিসেবে ভোট দেওয়া অধিকার। কেন এমন হল জানা প্রয়োজন। এনিয়ে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছেন বলেও জানান বাবুন। ২০২২ সাল থেকে মধ্য হাওড়ার ৩৭ নং ওয়ার্ডের ভোটার বাবুন। ভোট দিতে না পারায় বিষয়টি অনলাইনে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েও জানিয়েছেন। এদিকে কেন হঠাৎ নাম বাদ গেল এনিয়ে কোনও সদুত্তর পাননি তিনি।
স্বপন বন্দ্যোপাধ্যায় ওরফে বাবুনের আশা ছিল তাঁকে ২০২৪-এর লোকসভা নির্বাচনে হাওড়া কেন্দ্র থেকে টিকিট দেওয়া হবে। কিন্তু সেখানে প্রার্থী হিসেবে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণার পরই ক্ষোভ উগরে দেন বাবুন। তিনি অভিযোগ করেন, ২০১৯-এ আশ্বাস দেওয়া হয়েছিল। ২০২১-এও তাই। ২০২৪-এ আশা করেও তা পূর্ণ হল না। সেইসময় তাঁর বিজেপিতে যোগদানের জল্পনা তৈরি হয়েছিল। পরবর্তীতে সেই জল্পনা উড়িয়ে নির্দল প্রার্থী হয়ে প্রসূনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বীতা করার হুঁশিয়ারিও দিয়েছিলেন।
বাবুনের মন্তব্যে রাজনৈতিক মহলে যখন শোরগোল পড়ে যায় সেইসময় আসরে নামেন খোদ তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন, ভাই বাবুনের সঙ্গে সমস্ত সম্পর্ক ছেদ করলেন তিনি। সম্পর্ক ছিন্ন হতেই সুর বদলায় বাবুনের। তিনি বলেছিলেন, ‘দিদি যা বলেছেন আশীর্বাদ হিসেবে নিচ্ছি।‘ এমনকি হাওড়ায় নির্দল হিসেবে লড়াইয়ের সিদ্ধান্ত থেকেও সরে আসেন বাবুন বন্দ্যোপাধ্যায়।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

