দেবের নামে একের পর এক বিস্ফোরক মন্তব্য-অভিযোগ। এতদিন বাক-যুদ্ধ চলছিল দু তরফের। অবশেষে সহ্যের সীমা পার হল! হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ এনে আইনের দ্বারস্থ ঘাটালের তৃণমূল প্রার্থী। তাঁর নির্দেশে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন ঘাটাল ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মাজি।
তৃণমূলের অভিযোগ, হিরণ (Hiran Chatterjee) দলীয় প্রার্থী দেবের বিরুদ্ধে লাগাতার কুকথা বলছেন। ভুয়ো অডিয়ো দিয়ে দেবের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছেন। গত তিন মাস ধরে সহ্য করা হচ্ছে। এবার বাধ্য হয়েই হিরণ তাঁর সহযোগী এসএস আলমের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে। দলের উচ্চ নেতৃত্ব ও দেবের (TMC Candidate Dev) অনুমতি নিয়েই এই পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন দিলীপ মাজি।
সম্প্রতি দেব ঘনিষ্ঠ রামপদ মান্নার বিরুদ্ধে লক্ষাধিক টাকা নিয়ে চাকরির নামের প্রতারণার অভিযোগ উঠেছিল। এনিয়ে সরব হয়েছিলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এই সংক্রান্ত একটি ভাইরাল অডিয়ো ক্লিপ নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছিলেন তিনি। সেইসঙ্গে লিখেছিলেন, ‘গত দু বছর ধরে যা বলে আসছিলাম, এই অডিও ভাইরাল টি কী সেটি ? তাহলে উনি তো সব কিছুই জানতেন ? না জানার মেকি অভিনয়টাই কি সৌজন্যতা ? মানুষ বিচার করুক।‘ যদিও এনিয়ে দেবের বক্তব্য ছিল, ভোটের মুখে একের পর এক মিথ্যে অডিয়ো প্রকাশ করছে বিজেপি। তাই এই অডিয়ো ক্লিপটির পিছনেও কোনও রহস্য থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছিলেন ঘাটালের দু’বারের সাংসদ। পাশাপাশি মামলা করার হুঁশিয়ারিও দিয়েছেন দেব।
দেব ঘনিষ্ঠের বিরুদ্ধে চাকরির নামে প্রতারণার অভিযোগ উঠতেই তারকা প্রার্থী দাবি করেছিলেন, তদন্তে দোষ প্রমাণিত হলে অভিযুক্ত অবশ্যই শাস্তি পাবে। তবে ততদিন পর্যন্ত রামপদ মান্নার পাশে থাকবেন বলেও জানিয়েছেন দেব। প্রসঙ্গত, ইতিমধ্যেই অভিযোগকারীর বাড়ি গিয়ে টাকা ফেরত দিয়ে এসেছেন তিনি।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

