হোস্টেলের ঘরে ছাত্রের পচাগলা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মৃত্যু ঘিরে ঘনাচ্ছে রহস্য। ওই ছাত্রের পরনে ছিল শাড়ি। সাজ ছিল কনের। চোখ ও হাত বাঁধা ছিল। ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। মধ্যপ্রদেশের ইন্দোরের এক হোস্টেলের এই ঘটনায় র্যাগিং তত্ত্ব উঠে আসছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম পুনিত দুবে (২২)। মধ্যপ্রদেশের রাইসেন জেলার বাসিন্দা। তবে পড়াশোনার কারণে গত তিন বছর ধরে ভাওয়ার কুয়ান থানা এলাকার শান্তি নগরে একটি হোস্টেলে থাকতেন। মধ্যপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশনের প্রস্তুতি নিচ্ছিলেন। যুবকের পরিবারের তরফে জানানো হয়েছে, গত বুধবার পুনিতের সঙ্গে কথা হয়েছিল তাঁদের। তারপর থেকে আর যোগাযোগ করা যাচ্ছিল না। তাঁর মোবাইল ফোনটি বন্ধ ছিল। হোস্টেলে ফোন করলে সেখানকার কর্মীরা পুনিতের ঘরে ঢুকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে। খবর দেওয়া হয় পুলিশে। ইতিমধ্যেই মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
জানা গিয়েছে, হোস্টেলের ঘরে পুনিতের সঙ্গে আরও এক যুবক থাকতেন। গত সপ্তাহেই তিনি অন্য জায়গায় গিয়েছিলেন। সেই থেকে একাই থাকতেন পুনিত। এদিকে পুলিশের অনুমান, দুদিন আগে মৃত্যু হয়েছে ওই ছাত্রের। এই ঘটনায় কেউ জড়িত আছে কিনা তা জানতে শুরু হয়েছে জিজ্ঞাসবাদ।
পুনিতের পরনে ছিল শাড়ি, ঠোঁটে লিপস্টিক, কপালে টিপ। চোখ বাঁধা ছিল, হাত দুটিও বাঁধা ছিল। হোস্টেলে কি র্যাগিংয়ের শিকার হয়েছিলেন পুনিত, এই প্রশ্নও উঠছে। নাকি এই মৃত্যুর পিছনে রয়েছে অন্য কোনও রহস্য? উত্তর খুঁজছে পুলিশ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

