বলিউডে নতুন ‘সূর্য’!

সূর্য শর্মা-কে চেনেন ? ভাবছেন এ আবার কার কথা বলছি ? বেশ । এবার বলুন তো ‘আনদেখি’ ওয়েব সিরিজের রিঙ্কু আটওয়ালকে কী চেনেন ? এবার নিশ্চই বুঝতে পারছেন, কার কথা বলছি । একদম ঠিক ধরেছেন, ছোট ছোট চুল । মোটা গোঁফ । গালে হালকা দাড়ি । লম্বা ছিপছিপে চেহারা । আটওয়াল পরিবারের অন্যতম সদস্য । যার নামে গোটা হিমাচল কাঁপে । পুলিস থেকে মন্ত্রী, আমলা । সবাই তার পকেটে । প্রিয় পাপাজি-কে বাঁচাতে, যে কোনও কিছু করতে একবারও যে ভাবে না । সেরকম একটি খতরনাক চরিত্রে অভিনয় করে সকলের নজর কেড়েছেন সূর্য শর্মা ।

ওয়েব সিরিজ হস্টেজ-এর কথা মনে আছে ? যার দুটো সিজনই ভীষণ জনপ্রিয় হয়েছিল । রনিত রয়, মোহন কাপুর, তিস্কা চোপড়া, স্বেতা বাসু প্রসাদ, দিভ্যা দত্ত, প্রভীন দাবাস, কনওয়ালজিত সিং, দিলীপ তাহিলের মত অভিনেতারা ছিলেন । সেখানেই সকলের নজর কাড়েন সূর্য শর্মা । চরিত্রের নাম ছিল প্রিন্স ।

অপহরণকারী দলের একজন সদস্য । দু’টো সিজনেই দুর্দান্ত অভিনয় করেছিলেন তিনি । তার আগে ২০১৮ সালে ‘Veere Di Wedding’ সিনেমায় ছোট্ট একটি রোল । কিন্তু হিমাচল প্রদেশের হামিরপুরের এই সুদর্শন যুবকের অভিনয় জীবনের মোড় ঘুরিয়ে দেয় প্রযোজনা সংস্থা অ্যাপলজের আরও একটি ওয়েব সিরিজ – আনদেখি । ২০২০ সালে একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় প্রথম সিজন ।

হিমাচল প্রদেশকে কেন্দ্র করে রচিত চিত্রনাট্য । একটি রিসর্টে বিয়ের আসর । সেখানে ডান্স ট্রুপের সঙ্গে এসেছিল সুদুর পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা সুন্দরবনের দুই ডান্সার । যাদের অতীতও তত সুখকর ছিল না । একটি অপরাধের থেকে বাঁচতে, আশ্রয় নিয়েছিল ডান্স গ্রুপে । সেই সূত্রে দুই তরুণীর হিমাচলে আসা ।

এরপর বিয়ের আসরে নাচের অনুষ্ঠানে খুন হন এক তরুণী । তদন্তে বাংলা থেকে হিমাচলে ছুটে যান ডিএসপি ঘোষ । সেই চরিত্রে ফাটিয়ে অভিনয় করেন দিব্যেন্দু ভট্টাচার্য । আর সেখানেই রিঙ্কু আটওয়ালের চরিত্রে সূর্য শর্মার অভিনয় সকলকে চমকে দেয় । তাঁর অভিনয় যে শুধু দর্শকদের আপ্লুত করেছে তা নয় । চিত্র সমালোচকরাও সূর্যের অভিনয় প্রতিভার তারিফ না করে থাকতে পারেননি । একটি নেগেটিভ চরিত্রে অভিনয় করেও যে এত প্রশংসা পাওয়া যায়, সেটা দেখিয়ে দিয়েছেন হিমাচলের ঘরের ছেলে । ২০২০ সালে মুক্তি পায় আনদেখি সিজন ওয়ান । হর্ষ ছায়া, দিব্যোন্দু ভট্টাচার্য, অঙ্কুর রাঠি, অঞ্চল সিংয়ের মত জনপ্রিয় অভিনেতাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যায় সূর্য শর্মাকে ।

প্রথম সিজনেই রিঙ্কু অটওয়ালের চরিত্রে অভিনয় করে একেবারে লাইম লাইটে । ২০২১ সালের স্কিন এক্স এক্স সামিট অ্যান্ড অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে, হিন্দি ওয়েব সিরিজে একটি নেগেটিভ চরিত্রে অভিনয় করার জন্য সেরা অভিনেতার পুরস্কার পান সূর্য । এরপর এল সিজন ট। চিত্রনাট্য যতই রোমাঞ্চকর হচ্ছে, রিঙ্কু ওরফে সূর্যর অভিনয়ের দ্যূতি যেন আরও ছড়াতে লাগল । একটি চরিত্রকে কীভাবে আরও জীবন্ত, একদম বাস্তবচিত করা যায়, সেটাই করে দেখিয়েছেন সূর্য শর্মা । সিজন টু-য়ের জন্যও ২০২২ সালের স্কিন এক্স এক্স সামিট অ্যান্ড অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে আবারও কোনও হিন্দি ওয়েব সিরিজে নেগেটিভ চরিত্রে অভিনয় করার জন্য সেরা অভিনেতার পুরস্কার পান তিনি । পাশাপাশি ইন্ডিয়ান টেলি স্ট্রিমিং অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও নেগেটিভ রোলে সেরা অভিনেতার পুরস্কার পান সূর্য ।

দর্শকরা প্রতীক্ষায় ছিলেন সিজন থ্রিয়ের । ২০২৪ সালের মে মাসে রিলিজ করে আনদেখি সিজন থ্রি । সেখানে যেন নিজেকে আরও পরিত, আর মার্জিত রূপে স্ক্রিনে ধরা দিয়েছেন রিঙ্কু ওরফে সূর্য শর্মা । এবারে আর শুধু নেগেটিভ শেড নয় । চরিত্রে ছিল ইমোশনাল টাচ । সেখানেও একশোয় একশো পাবেন সূর্য । হয়ত আবারও অপেক্ষা করছে একগুচ্ছ পুরস্কার ।

আনদেখির পাশাপাশি, সূর্য শর্মার আরও একটি জনপ্রিয় ওয়েব সিরিজের নাম – ইয়ে কালি কালি আঁখে । ২০২২ সালে এটি মুক্তি পায় । তাহির রাজ বাসিন, শ্বেতা ত্রিপাঠি, অঞ্চল সিং, বিজেন্দ্র কালা এবং সৌরভ শুক্লার সঙ্গে দুরন্ত অভিনয় করেন সূর্য শর্মা । চরিত্রের নাম ধর্মেশ অয়স্থি । আটটি এপিসোডের প্রতিটি পর্বেই নিজেকে আট রঙে মেলে ধরেছেন সূর্য । দর্শকরা এখন অপেক্ষায় রয়েছেন এই সিরিজের সিজন টুয়ের জন্য ।

সম্প্রতি একটি সাক্ষাতকারে সূর্য জানিয়েছেন যে ২০২৩ সালে হিমাচল প্রদেশে যে ভয়াবহ বন্যা হয়েছিল, তারপরে এই ওয়েব সিরিজের সিজন থ্রিয়ের শুটিং ঘিরে যথেষ্ট সংশয় দেখা দেয় । কিন্তু হার মানতে নারাজ ভূমিপুত্র । তাঁর উদ্যোগেই পুনরায় শুরু হয় শুটিয়ের তোরজোড় । তারপর তো সবটাই ধরা পড়েছে স্ক্রিনে । এছাড়া ভূমি পেডনেকরের সঙ্গে তাঁর অভিনিত ‘ভকশক‘ সিনেমাটিও ভীষণ ভাবে প্রশংসিত । বিশেষ করে রেড চিলিজের ছবিতে অভিনয় করে, আরও একবার যেন নিজেকে প্রমাণ করলেন সূর্য ।

আট বছরের প্রেম । অবশেষে গত বছর প্রিয় বান্ধবী মানসী মোঘের সঙ্গে চার হাত এক । জীবনের আরও একটি অধ্যায়ের সূচনা । সব মিলিয়ে সময়ের সঙ্গে সূর্যের তেজ যেন বেড়েই চলেছে । আমরাও অপেক্ষায় আছি সূর্যের রশ্মি আর কোন কোন সিনেমা বা সিরিজকে আলোকিত করে । 

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube