‘হাতে কাজ নেই, রাজনীতিতে পয়সা কামাতে এসেছে’, নাম না করে হিরণকে তুলোধোনা অভিষেকের

নির্বাচনী প্রচারে এসে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেবের সঙ্গে তুলনা করে একের পর এক শব্দবাণ ছুঁড়ে দিলেন বিজেপি প্রার্থীর দিকে। রবিবার কেশপুরে ঘাটালের বিদায়ী সাংসদ তথা তৃণমূলের প্রার্থী দেবের সমর্থনে প্রচার করতে আসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

এদিন কেশপুরের জনসভায় নাম না করে হিরণ চট্টোপাধ্যায়কে (Hiran Chatterjee) নিশানায় এনে অভিষেক বলেন, ‘ওটার নাম নেব না। নাম নিলে সভার পরিবেশ খারাপ হবে। আমরা যে কটাকে দল থেকে বের করে দিই, ওই আবর্জনাগুলোকে মাথার উপর তুলে রাখে।‘ যোগ করেন, ‘একদিকে দীপক অধিকারী আরেকদিকে ওই দু’নম্বরি প্রার্থী। দীপক অধিকারী বছরে তিনটে করে সিনেমা করে। রাজনীতি না করলে তার কিছু আসে যায় না। যে বিজেপি প্রার্থী হয়েছে চার বছরে একটাও সিনেমা নেই। কাজ নেই হাতে। রাজনীতিতে পয়সা কামাতে এসেছে।‘  

দুর্নীতি ইস্যুতে দেবকে (Dev) বিভিন্ন সময় আক্রমণ করেছেন হিরণ। লোকসভা নির্বাচনে ঘাটালে হিরণ চট্টোপাধ্যায়কে প্রার্থী করে বিজেপি। ভোটের উত্তাপে বিজেপি প্রার্থীকে পাল্টা জবাব দিয়েছেন দেব।  তারপর থেকেই দেব-হিরণ দ্বৈরথে হাইভোল্টেজ কেন্দ্র হয়ে উঠেছে ঘাটাল।

গত মাসের শুরুতে ঘাটালে দেবের হয়ে ভোট প্রচারে এসেছিলেন অভিষেক (Abhishek Banerjee)। সেইসময়েও হিরণকে নিশানায় এনেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বিজেপি প্রার্থী প্রসঙ্গে বলেছিলেন, ‘আগে খড়গপুর সামলাও তারপর ঘাটাল নিয়ে ভেবো। বিজেপির নির্বাচিত বিধায়ক, ২১-এ খড়গপুর থেকে জিতে বিধায়ক হয়েছে। সেখানে ১০ পয়সার উন্নতি হয়নি।‘ উল্লেখ্য, আগামী ২৫ মে ষষ্ঠ দফায় ঘাটাল লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ রয়েছে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube