‘ইন্ডিয়া’ জোট নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে দলের হেভিওয়েট নেতা অধীর চৌধুরীকে আক্রমণ করে বিপাকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে! বিধানভবনে টাঙানো হোর্ডিংয়ে তাঁর ছবিতে কালি লাগানোর অভিযোগ। বিষয়টি চোখে পড়তেই তড়িঘড়ি কালি মুছে ফেলা হয়। এমনকি দুধ দিয়ে হোর্ডিং ধুয়ে দেওয়া হয়। এনিয়ে কী প্রতিক্রিয়া অধীর চৌধুরীর?
লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ‘ইন্ডিয়া’ জোট (INDIA Bloc) তৈরি হলেও পরবর্তীকালে সেই জোট ঘিরে নানা বিতর্ক তৈরি হয়েছে। বাংলায় কোনও জোট নেই বলেই কার্যত ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘ইন্ডিয়া’র শরিক দল কংগ্রেস, তৃণমূল একে অপরকে আক্রমণ করতে দু’বার ভাবে না। শনিবার বিরোধী জোটের বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি খাড়গে। সেখানে তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ইন্ডিয়া জোটে আছেন। অধীর চৌধুরী সিদ্ধান্ত নেওয়ার কেউ নন। তাঁকে হাইকমান্ডের সিদ্ধান্ত মানতে হবে। কেউ যদি শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তে খুশি না হয় তাহলে তিনি বেরিয়ে যেতে পারেন।‘
গতকাল খাড়গের এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। ‘কেউ যদি কংগ্রেসের ক্ষতি করতে চায়, তাঁর সঙ্গে খাতির নয়।‘ এই মন্তব্য করে নিজের অবস্থানেই স্থির রয়েছেন অধীর চৌধুরী (Adhir Chowdhury)। তিনি আরও বলেছেন, ‘বাংলায় যে মহিলা আমাদের খতম করতে চাইছে আমি তাঁকে সমর্থন করতে পারি না। এ বিষয়ে আমার কোনও দ্বিমত নেই। এখানে আমাদের লড়াইটা নৈতিকার।‘
রবিবার বিধানভবনে একটি হোর্ডিংয়ে খাড়গের ছবি কালি মাখা অবস্থায় দেখা যায়। এমনকি ছবির নীচে লেখা ছিল, ‘তৃণমূলের দালাল’। কে বা কারা এই কাজ করেছে তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

