দেব ঘনিষ্ঠের বিরুদ্ধে মোটা অঙ্কের টাকা নিয়েও চাকরির নামে প্রতারণার অভিযোগ উঠতেই শোরগোল পড়েছে। ভোট আবহে এই ঘটনাকে ‘হাতিয়ার’ করেছে বিরোধীরা। এরমধ্যেই এবার চাকরি বিক্রিকাণ্ড নিয়ে একটি অডিও ক্লিপ শেয়ার করলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এনিয়ে কী প্রতিক্রিয়া দেবের?
শুক্রবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে একটি অডিও ক্লিপ শেয়ার করেছেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)। সেখানে একটি মহিলা কণ্ঠ ও একটি পুরুষ কণ্ঠ শোনা যাচ্ছে। পুরুষের কণ্ঠটি ঘাটালের দুবারের তারকা সাংসদ দেবের বলে দাবি করা হচ্ছে। তিনি অভিযোগকারিণীর সঙ্গে কথা বলেছেন বলে দাবি হিরণের। অডিওতে শোনা যাচ্ছে, এক মহিলা অভিযোগ করছেন তিনি রাম নামের এক ব্যক্তিকে টাকা দিয়েও চাকরি পাননি। দেব গুরুত্ব দিয়ে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন। পোস্ট শেয়ার করে হিরণ লিখেছেন, ‘গত দু বছর ধরে যা বলে আসছিলাম, এই অডিও ভাইরাল টি কী সেটি ? তাহলে উনি তো সব কিছুই জানতেন ? না জানার মেকি অভিনয়টাই কি সৌজন্যতা ? মানুষ বিচার করুক।‘
তৃণমূলের তারকা প্রার্থীর সন্দেহ, ভোটের মুখে একের পর এক মিথ্যে অডিও প্রকাশ্যে আনছে বিজেপি। এই অডিও ক্লিপে মহিলা কণ্ঠস্বর এডিট করা হতে পারে। পাশাপাশি মামলা করার হুঁশিয়ারিও দিয়েছেন দেব। চাকরির নামে প্রতারণার অভিযোগে রামপদ মান্নাকে নিয়ে ঘাটালের তৃণমূল প্রার্থী নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। তাঁর কথায়, অভিযোগ প্রমাণিত হলে শাস্তি পেতেই হবে। তবে ততদিন পর্যন্ত রামপদ মান্নার পাশে থাকবেন বলেও জানিয়েছেন দেব।
উল্লেখ্য, কয়েকদিন আগে অভিযোগ ওঠে এক ব্যক্তি আশাকর্মী পদে মেয়ের চাকরির জন্য রামপদ মান্নাকে এজেন্ট মারফত লক্ষাধিক টাকা দিয়েছেন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও চাকরি মেলেনি এমনকি টাকাও ফেরত পাওয়া যায়নি। অভিযুক্ত দেব ঘনিষ্ঠ হওয়ায় চাঞ্চল্য আরও বেড়ে যায়। কলকাতা হাইকোর্টে এই জল গড়ায়। বুধবার সন্ধ্যায় অভিযোগকারীর বাড়িতে গিয়ে ওই টাকা দেব ফেরত দিয়ে আসেন বলে জানা গিয়েছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

