মুখ্যমন্ত্রীকে নিয়ে ‘কুকথা’, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শোকজ কমিশনের

ভোট আবহে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শোকজ করল নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করায় অভিযোগ জানায় তৃণমূল কংগ্রেস। সেই অভিযোগের ভিত্তিতে প্রাক্তন বিচারপতির কাছে জবাব চাইল কমিশন। ভোটের মুখে শোকজ নোটিসের জেরে বিপাকে বিজেপি প্রার্থী!

কয়েকদিন আগে হলদিয়ায় এক জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আক্রমণ করেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ‘মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কত টাকায় বিক্রি হও?’ বিজেপি প্রার্থীর এই মন্তব্যের তীব্র নিন্দা করেছে শাসক দল তৃণমূল। কমিশনের দ্বারস্থ হয়ে তৃণমূলের দাবি, ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্বাচনী আচরণবিধি ভেঙেছেন। তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা শুরু করতে হবে। পাশাপাশি বিজেপি প্রার্থীকে জনসভা, রোড শো, সাক্ষাৎকারে যোগদান থেকে বিরত থাকার নির্দেশ দিতে হবে কমিশনকে। রাজ্যের তরফে রাজ্যসভা সাংসদ ডেরেক ও’ব্রায়েন কমিশনের কাছে অভিযোগ জানিয়ে চিঠি দিয়েছেন।

সূত্রে খবর, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে কমিশনে দেওয়া চিঠিতে আরেক বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের (Dilip Ghosh) নামও উল্লেখ করেছে তৃণমূল। এর আগে বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে নিয়ে ‘কুকথা’ বলার অভিযোগ নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল শাসক দল। তাঁকে সতর্ক করে নোটিস দিয়েছিল কমিশন। এবার বিপাকে তমলুকের বিচারপতি!

আগামী ২০ মে-র মধ্যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শোকজের জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কেন বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পদক্ষেপ করা হবে না তা জানতে জবাব তলব করেছে কমিশন। জানা গিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে জবাব না এলে কিংবা সন্তোষজনক জবাব না হলে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে। উল্লেখ্য, আগামী ২৫ মে ষষ্ঠ দফায় তমলুক লোকসভা কেন্দ্রে নির্বাচন রয়েছে।       

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube