আগামী সোমবার পঞ্চম দফার ভোট। তার আগে উলুবেড়িয়ায় উত্তেজনা ছড়াল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে হুমকি পোস্টার পড়ল। এনিয়ে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে আলোচনা। কে বা কারা এই পোস্টার লাগাল তা নিয়ে উঠছে প্রশ্ন।
শুক্রবার সকালে উলুবেড়িয়ার মনসাতলায় ১৬ নম্বর জাতীয় সড়কের সার্ভিস লেনে পোস্টার দেখা যায়। একটি সাদা কাপড়ে নীল রঙ দিয়ে লেখা হয়েছে, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেককে গাড়ি ধাক্কা দিয়ে খুন করবো, শুনে সবাই প্রদীপ জ্বালাইবে। আমার গোপন চিঠি আছে পড়ে নেবে।‘ স্থানীয় এলাকায় চাঞ্চল্য শুরু হয়েছে। কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা এখনও জানা যায়নি। এই ঘটনায় বিরোধী দলের দিকেই অভিযোগের আঙুল উঠছে।

আগামী ২০ মে উলুবেড়িয়ায় লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে। তারমধ্যেই হঠাৎ এই হুমকি পোস্টার। ফের একবার তৃণমূল নেত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
উল্লেখ্য, ২০২২ সালে এক যুবক কড়া নিরাপত্তা এড়িয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে সারা রাত লুকিয়ে থাকে। পরদিন সকালে তাঁকে গ্রেফতার করা হয়। তবে সেই ঘটনায় শোরগোল পড়ে যায়। গত বছর ২১ জুলাই শহীদ দিবসের দিন কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনেই সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ভুয়ো পরিচয় নিয়ে ধৃত সেখানে ঘুরছিল বলে অভিযোগ। তাঁর কাছ থেকে আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়। তারপর মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বাড়ানো হয়। এবার সরাসরি মুখ্যমন্ত্রী ও অভিষেকের নাম দিয়ে হুমকির পোস্টার ঘিরে নানা প্রশ্ন উঠছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

