শ্যাম সিংহ রয়, দাসারা, হে নানা তারপর সারিপোধা শনিভারম । সবগুলির ছবির কেন্দ্রীয় চরিত্রে কিন্তু তেলুগু সুপারস্টার নানি । অথচ কোনও চরিত্রের সঙ্গে কোনওটির মিল নেই । মানে চারিত্রিক দিক দিয়ে । যার ফলে প্রত্যেকটি ছবিতেই নিজেকে ভিন্ন ভিন্ন রূপে মেলে ধরেছেন তিনি । তাঁর অভিনয় যেমন দর্শকদের ভূয়সী প্রশংসা কুড়িয়েছে, তারিফ করেছেন সমালোচকরাও । আর সে কারণেই নানিকে বলা হয় তেলুগু ইন্ডাস্ট্রির ন্যাচরাল স্টার ।

সারিপোধা শনিভারম । ইংরেজি অনুবাদ করলে যে মানেটা দাঁড়ায়, সেটা হল শনিবার কী যথেষ্ট নয় ? ভাবছেন, কি আবোল তাবোল বলছি ? Hi Nanna-র পর, এটাই তেলুগু সুপারস্টার ঘণ্টা নভীন বাবু ওরফে নানি-র লেটেস্ট সিনেমা । এটা নায়ক হিসেবে তাঁর ৩১ ছবি । প্রযোজকদের তরফে দাবি করা হচ্ছে, এরকম চরিত্রে এর আগে Natural star নানি-কে কখনও দেখা যায়নি । ছবির টিজারও সেই ইঙ্গিতই দিচ্ছে ।
২০২৩ সালের মে মাসে পরিচালক ভিভেক আত্রেয়ার সঙ্গে জুটি বাঁধার কথা ঘোষণা করেন নানি । এর আগে আন্তে সুন্দরানিকি সিনেমায় ভিভেকের পরিচালনায় কাজ করেছিলেন নানি । ২০২৩ সালের ২১ অক্টোবর, অফিসিয়ালি প্রজেক্ট নানি থার্টিওয়ানের ঘোষণা হয় । দু’দিন পরে ছবির নামকরণ হয় – সারিপোধা শনিভারম ।

নভেম্বর মাস থেকে শুরু হয় শুটিং । মূলত হায়দরাবাদকে কেন্দ্র করে এক মাস ধরে চলে প্রথম পর্বের শুটিং । দ্বিতীয় পর্বের শুটিং শুরু হয় ডিসেম্বর মাসে । সেবারও একমাস ধরে চলে শুটিং । কিছুদিন বিরতির পর, জানুয়ারি থেকে টানা চলে শুটিং । প্রযোজনা সংস্থা DVV Entertainment তাদের সমাজ মাধ্যম পেজে এবার ফলাও করে ঘোষণা করেছে – Natural Star নানি-র লেটেস্ট মুভি সারিপোধা শনিভারমের কাজ প্রায় শেষ । শুধু ক্লাইম্যাক্স সিনের শুটিং বাকি । সেই মেগা অ্যাকশন সিনগুলি শুট করা হবে হায়দরাবাদে, একটি অ্যালুমিনিয়াম কারখানায় ।

এই খবর ছড়িয়ে পড়তেই নানি ভক্তদের উত্তেজনার পারদ আরও কয়েকগুন বেড়ে গিয়েছে । নানি-র সঙ্গে এই সিনেমায় দেখা যাবে জনপ্রিয় তামিল অভিনেতা জাস্টিস সেলভারাজ পান্ডিয়ান ওরফে এস জে সুর্য । এছাড়াও আছেন প্রিয়াঙ্কা আরুল মোহন, অদিতি বালন, সাই কুমার এবং শুভলেখা সুধাকর । প্রথমে ঠিক ছিল জি ভি প্রকাশ কুমার এবং অনিরুদ্ধ রভিচন্দ্র যৌথ ভাবে এই ছবির মিউজিক করবেন । পরে অবশ্য সেটা বদলে যায় । এখন এই ছবির সঙ্গীত পরিচালক মালায়ালাম সিনেমার পরিচিত নাম জেকস বিজয় ।

আপাতত ঠিক হয়েছে, অগাস্ট মাসের ২৯ তারিখ দেশজুড়ে মুক্তি পাবে হাই ভোল্টেজ সিনেমা সারিপোধা শনিভারম । তেলুগুর পাশাপাশি হিন্দি, মালায়ালাম, তামিল এবং কান্নাডা ভাষাতেও একই সঙ্গে রিলিজ করবে Natural Star নানি-র এই মেগা মুভি ।

২০১৯ সালে ম্রুনাল ঠাকুর এবং শ্রদ্ধা শ্রীনাথের সঙ্গে জার্সি । ২০২০ সালে সুধীর বাবু, নিভিথা থমাস, অদিতি রাও হায়দারির সঙ্গে ভি । ২০২১ সালে সাই পল্লভি ও কৃথি শেট্টির সঙ্গে শ্যাম সিংহ রয় । ২০২২ সালে নাজরিয়া নাজিম ও নিক্কি তাম্বোলির সঙ্গে আনতে সুন্দরানিকি । ২০২৩ কির্থী সুরেশের সঙ্গে দাসারা এবং ম্রুনাল ঠাকুরের সঙ্গে হে নানা ।

প্রতিটি ছবি যে শুধু বক্স অফিসে ব্লক বাস্টার হিট, তা নয় । ক্রিটিক্যালিও ভীষণ ভাবে প্রশংসীত । বিশেষ করে দাসারা এবং হে নানা তো দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রেখেছিল । জার্সি ছবির হিন্দি রিমেক হলেও, তেলুগুর ধারেকাছে পৌঁছতে পারেনি শাহিদ কাপুর অভিনিত সেই ছবি ।

জানা গেছে নানি-র ভি ছবির হিন্দি রাইটসও কিনে নিয়েছেন জনৈক এক প্রযোজক । যদিও কোনও রিমেকই অরিজিন্যালের সমতুল্য সফল হয়নি । ফলে ন্যাচরাল স্টার নানির নতুন ছবি সারিপোধা শনিভারম ঘিরে চড়ছে প্রত্যাশার পারদ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

