একটা ছবির কাজ শেষ হতে না হতেই পরের ছবির শুটিং । ৭০ পেরলেও, আজও তারুণ্যে ভরপুর থ্যালাইভার । সদ্য শেষ হয়েছে ‘ভেত্তাইয়ান’ ছবির শুটিং । ৩৩ বছর পর আবার রজনীকান্তের সঙ্গে কাজ করলেন ৮১ বছরের অমিতাভ বচ্চন ।

ভেত্তাইয়ান । তামিল ভাষায় অনুবাদ করলে যার মানে দাঁড়ায় – শিকারি । মেগাস্টার রজনীকান্তের ১৭০ তম সিনেমা । টি জে গ্যানাভেল পরিচালিত এই ছবির শুটিং শেষ । সমাজ মাধ্যমে ভেত্তাইয়ান সিনেমার শেষ দিনের শুটিংয়ের ছবি পোস্ট করেছে প্রযোজনা সংস্থা লাইকা প্রোডাকশনস । সেখানে দেখা যাচ্ছে, ছবির কলাকুশলীরা থ্যালাইভার হাতে তুলে দিয়েছেন একটি ফুলের বুকে । সেটা নিয়ে, সকলের সঙ্গে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন খোদ রজনীকান্ত । এই ছবি শেয়ার করার পর থেকেই লাইকের বন্যা শুরু হয়েছে ।

২০২৩ সালের মার্চ মাসে এই সিনেমার ঘোষণা করে লাইকা প্রোডাকশনস । তখন তার টাইটেল ছিল – থ্যালাইভার ওয়ান সেভেন্টি । অক্টোবর মাস থেকে শুরু হয় শুটিং । বারোই ডিসেম্বর, মেগাস্টারের ৭৩ তম জন্মদিনে, ঘোষিত হয় সিনেমার অফিসিয়াল টাইটেল – ভেত্তাইয়ান । চেন্নাই, থিরুভনন্তপুরম, তিরুনেলভেলি, অন্ধ্রপ্রদেশ, হায়দরাবাদ এবং মুম্বই । এই সব জায়গায় ঘুরে ঘুরে চলে শুটিং । জেলার এবং লাল সেলাম – এই দু’টি ছবির শুটিং শেষ করার পরই ভেত্তাইয়ান ছবির কাজে হাত দিয়েছিলেন রজনীকান্ত ।
সূত্র মারফত জানা গেছে, ভেত্তাইয়ান ছবির বাজেট মাত্র একশো ষাট কোটি । মাত্র বললাম, কারণ এটাই নাকি সাম্প্রতিক কালে রজনীকান্তের সব চেয়ে কম বাজেটের ছবি । থ্যালাইভার ছবি মানেই তো মিউজিক্যাল হতেই হবে অনিরুদ্ধ রভিচন্দরের । এখানেও তাই । স্টান্ট কোরিওগ্রাফার জুটি আনবারিভ ।

এই ছবিতে আবারও একজন পুলিস অফিসারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রজনীকান্তকে । এই সিনেমায় একটি ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মেগাস্টার অমিতাভ বচ্চনকে । এটাই বলিউড শাহেনশার প্রথম কোনও তামিল ছবি । সেই সঙ্গে তেত্রিশ বছর বাদে ফের একসঙ্গে স্ক্রিন শেয়ার করছেন ভারতীয় সিনেমার দুই কিংবদন্তী – অমিতাভ বচ্চন এবং রজনীকান্ত । এর আগে এই দুই মেগাস্টারকে একসঙ্গে দেখা গিয়েছিল মুকুল আনন্দের হাম ছবিতে ।
ভেত্তাইয়ান ছবিতে বিগ বি-র অংশগুলি মূলত মুম্বইতেই শুট হয় । এ প্রসঙ্গে নিজের সোস্যাল মিডিয়া হ্যান্ডেলে বিগ বি লিখেছেন – থালা, দ্য গ্রেট রজনীর সঙ্গে আবার একসঙ্গে কাজ করতে পেরে আমি গর্বিত এবং সম্মানিত । তাঁর মধ্যে কোনও পরিবর্তন আসেনি । একই রকম সহজ, সরল এবং মাটির বড় কাছাকাছি । যা তাঁর চারিত্রিক বিশালায়তনের একেবারে বিপরিত ।

ভেত্তাইয়ান ছবিতে নেগেটিভ চরিত্রে দেখা যাবে ফাহাদ ফাসিলকে । এটা মালায়ালাম তারকার পঞ্চম তামিল ছবি । এর আগে মামানাম, ভিক্রম, সুপার ডিলাক্স এবং ভেলিয়াক্করণ – এই চারটি তামিল ছবিতে অভিনয় করেন ফাহাদ । এছাড়াও টি জে গ্যানাভেলের এই সিনেমায় অভিনয় করেছেন মঞ্জু ওয়ারিয়র, রানা দুগ্গাবতি, রিতিকা সিং, দুশারা ভিজয়ন, রাও রমেশ, রোহিনী মোলেটি, কিশোর কুমার জি, রমেশ থিলক সহ আরও অনেকে ।

ছবির ইন্ডোর শুটিংয়ের বেশ কিছু অংশের জন্য সেট তৈরি করা হয়েছিল চেন্নাইয়ের প্রসাদ ল্যাবে । তখনই সেখানে চলছিল কমল হাসানের ইন্ডিয়ান টু ছবির কাজ । সেই সময় দক্ষিণের দুই মহাতারকার দেখা হয় ফিল্মের সেটে । পরে সেই ছবি ছড়িয়ে পড়ে বিভিন্ন সোস্যাল মিডিয়ায় । অক্টোবর মাসে রিলিজ করবে ভেত্তাইয়ান ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

