মে মাসের শেষেই আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘রেমাল’। তার গতিবিধির দিকে নজর রাখছে আবহাওয়া দফতর। সর্বশেষ আপডেট বলছে, ‘আয়লা’র বর্ষপূর্তির দিনেই আছড়ে পড়তে পারে এই নয়া ঘূর্ণিঝড়। এখন প্রশ্ন ‘রেমাল’ (Remal Cyclone) কতটা শক্তিশালী হবে? কতটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে? কী বলছে আবহাওয়া দফতর?

আবহাওয়া দফতরের (Weather Department) রিপোর্ট অনুযায়ী, কয়েকদিনের মধ্যেই সমুদ্রে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। আগামী ২০ মে থেকে এই সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘রেমাল’-এর গতিবিধি স্পষ্ট হবে। কবে, কোথায় এটি আছড়ে পড়বে তা এখনই স্পষ্ট বলা যাচ্ছে না। তবে অনুমান করা হচ্ছে, পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকা বা বাংলাদেশে আছড়ে পড়তে পারে ‘রেমাল’। আরও জানা গিয়েছে, ‘আগামী ২০ মে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, এটি ক্রমশ উত্তর দিকে অগ্রসর হয়ে নিজের শক্তি বৃদ্ধি করতে পারে। আগামী ২৪ মে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এরপর ২৫ মে সন্ধ্যায় পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে দিয়ে ভূভাগে প্রবেশ করতে পারে বলে খবর। এই ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটার হতে পারে।

২০০৯ সালের ২৫ মে সর্বোচ্চ গতিবেগ ১২০ কিমি বেগে সুন্দরবনে তাণ্ডব চালিয়েছিল ‘আয়লা’ (Aila Cyclone)। প্রাণ হারিয়েছিলেন শতাধিক নিরীহ মানুষ। ক্ষতির অঙ্কও ছিল বিশাল। ঠিক তার ১৫ বছর পর একইদিনে ‘রেমাল’ ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এই ঘূর্ণিঝড় কতটা শক্তিশালী হবে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।

ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তৈরি হলেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের গরম বাড়বে। তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির গণ্ডি পার করবে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বলেও জানিয়েছে হাওয়া অফিস।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

