তৃণমূলের হাতে আক্রান্ত হলেন এক বিজেপি কর্মী । বিজেপি কর্মীর কান কেটে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । মঙ্গলবারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে ।
আসন্ন লোকসভা নির্বাচনের আগেই ফের চলল আক্রমণ । পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার হাড়মশানি গ্রামের এক বিজেপি কর্মীর কান কেটে নেওয়া হল মঙ্গলবার রাতে । আক্রান্ত ওই যুবকের নাম সুব্রত বাগ । তাঁর বাড়ি ইলাশপুরের কাছে হাড়মশানি গ্রামের হরিজন পল্লীতে ।
গভীর রাতেই আহত বিজেপি কর্মীকে উদ্ধার করে আনা হয় ভগবানপুর গ্রামীণ হাসপাতালে । প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য আহত বিজেপি কর্মীকে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । বিজেপির অভিযোগ তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতকারীরাই কান কেটে নিয়েছে । এলাকায় ভোট রয়েছে আগামী ২৫ মে । তার আগে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের জেলা জুড়ে ।
প্রসঙ্গত জানা যায়, আক্রান্ত ওই বিজেপি কর্মী আগে তৃণমূল করতেন । পরবর্তীতে তিনি বিজেপিতে যোগ দেন । মঙ্গলবার রাতে তিনি যখন বাড়ি ফিরছিলেন তখন বেশ কিছু তৃণমূল সমর্থক তাঁর পথ আটকায় বলে দাবি ওঠে । সেই সময়েই তাঁকে তৃণমূলের ফিরে আসার জন্য চাপ দেওয়া হয় বলেও দাবি করা হয় । এরপরই শুরু হয় বচসা যা পরে হাতাহাতিতে পরিণত হয়; অবশেষে তাঁর কান কেটে নেওয়া হয় বলে জানা যায় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

