দক্ষিণ ২৪ পরগনায় গড়িয়ার নতুন দিয়াড়া এলাকায় চলছিল জলাভূমি ভরাটের কাজ। এবার তা বন্ধ করতে রুখে দাঁড়ালেন কাউন্সিলর । জলাভূমি ভরাট রুখতে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করল পৌরসভা ।
এই ঘটনায় জানা যায়, দক্ষিণ ২৪ পরগনা জেলার রাজপুর সোনারপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে নতুন দিয়াড়া এলাকায় একটি জলাভূমি ভরাটের কাজ চলছিল । মেটিয়াবুরুজ এলাকার ঘটনা থেকে শিক্ষা নিয়ে এই ঘটনায় পৌরসভা ও থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রাজপুর সোনারপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্ত সেনগুপ্ত ।
কাউন্সিলর জানান, পুকুর ভরাট বন্ধে তিনি একই সাথে পৌরসভায়, বিধায়কের কাছে ও নরেন্দ্রপুর থানায় অভিযোগ জানিয়েছেন । পৌর পিতার কাছ থেকে অভিযোগ পেয়ে নড়েচড়ে বসে পুরসভাও।
অভিযোগ আনা হয়, টিকা সাউ নামে এক ব্যক্তি জোর করে জলাভূমি ভরাট করছেন ।শুধু তাই নয় সেখানে বাড়িও তৈরি করা হচ্ছে বলে অভিযোগ ওঠে । বিষয়টি জানতে পেরে ঘটনার প্রতিবাদ করেন এই পুকুরের মালিকানার অন্যতম শরীক ভোলা সাউ । তাঁর বক্তব্য, এলাকার বাসিন্দারা এই পুকুর ব্যবহার করতেন; সেই পুকুর জোর করে ভরাট করা হচ্ছে । অবিলম্বে পুকুরকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবিও জানিয়েছেন তিনি ।
একই সঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিবেশী এক মহিলা জানান, তাঁরা একসময় এই পুকুর স্নান সহ অন্যান্য কাজে ব্যবহার করতেন । বর্তমানে পুকুরের বেশিরভাগ অংশই মাটি ফেলে বুঝিয়ে দেওয়া হয়েছে । তাই এখন আর তাঁরা তা ব্যবহার করতে পারেন না ।
যাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ সেই পরিবারের সদস্য টগর সাউ জানান, তাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হচ্ছে । বসতবাড়ি বাঁচানোর জন্য তাঁরা কিছুটা অংশ মাটি ফেলেছেন কিন্তু তাঁরা পুকুরটি ভরাট করেননি । রাজপুর সোনারপুর পুরসভার এক্সিকিউটিভ অফিসার দেবাশীষ দাস জানান, তাঁরা পুকুর ভরাটের অভিযোগ পেয়েছেন । বিষয়টি তাঁরা খতিয়ে দেখছেন বলেও আশ্বাস দেন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

