আবহাওয়া দফতর জানাচ্ছে, বৃষ্টির স্পেল কার্যত শেষ হয়ে গিয়েছে । এবার তাপমাত্রা বৃদ্ধির পালা শুরু হতে চলেছে । দক্ষিণের উপকূল লাগোয়া জেলা ছাড়া আর তেমন কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই । বৃষ্টি কমবে উত্তরেও ।
দক্ষিণবঙ্গে, দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনা ছাড়া আর কোথাও মঙ্গলবার তেমন ভাবে বৃষ্টির পূর্বাভাস নেই । বুধবার থেকে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে । ১৮ মে পর্যন্ত পশ্চিমাঞ্চলে শুষ্ক গরম আবহাওয়া থাকবে । যার জেরে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ কিছুটা ঘর্মাক্ত পরিস্থিতির শিকার হবে । তবে রাজ্যে কোথাও তাপপ্রবাহ বা তার অনুরূপ পরিস্থিতি এই মুহূর্তে নেই বলেই খবর । আগামী অন্ততঃ ৫ দিন লাগাতার বাড়তে থাকবে তাপমাত্রা । গাঙ্গেয় জেলায় ৩ এবং পশ্চিমের জেলায় ৫ ডিগ্রি পর্যন্ত পারদ উত্থান হতে পারে আগামী ৪ দিনে ।
অন্যদিকে, উত্তরবঙ্গে এখনও বৃষ্টি বহাল রয়েছে । তবে আজ থেকে বৃষ্টির পরিমাণ ও তীব্রতা কমতে শুরু করেছে । বুধবারের পর শুধুমাত্র পার্বত্য জেলা ছাড়া অন্যত্র বৃষ্টি প্রায় থাকবে না বলেই চলে । শুক্রবারের পর ফের অক্ষরেখার হাত ধরে বৃষ্টি সামান্য বাড়বে উত্তরের সমতলের জেলায় ।
পাশাপাশি কলকাতায় আজ, মঙ্গলবার থেকে ক্রমশ কমবে বৃষ্টির সম্ভাবনা । যদিও সারাদিন গুমোট অস্বস্তি থাকার পর বিকেলের দিকে খুব সামান্য বৃষ্টি হতে পারে আজও । তাপমাত্রা ধাপে ধাপে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়বে আগামী ৭২ ঘন্টায় । তবে আপাতত আগামী ৬ দিন কোন ভাবেই তাপপ্রবাহ বা তার অনুরূপ পরিস্থিতির পূর্বাভাস নেই ।
আবহাওয়া দফতর আরও জানাচ্ছে, বৃষ্টি কমতেই ২৪ ঘন্টায় প্রায় ২ ডিগ্রি বেড়ে গিয়েছে কলকাতার দিনের সর্বোচ্চ তাপমাত্রা । দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি । রাতের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৮ থেকে ৫৩ শতাংশ রয়েছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

