‘নিজে রান্না করব’, মোদীকে মাছ খাওয়ার আমন্ত্রণ মমতার!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মাছ খাওয়ার আমন্ত্রণ জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি লোকসভা নির্বাচনের প্রচারে একাধিকবার মাছ-মাংস খাওয়া নিয়েও শাসক বিরোধী তরজা দেখা গিয়েছে। সোমবার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে বলেন, নিজে হাতেই প্রধানমন্ত্রীর জন্য মাছ রান্না করবেন তিনি।

সোমবার সভামঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, ‘কেউ চিংড়ি পটল ভালোবাসে, কেউ চিংড়ির মালাইকারি ভালোবাসে। মোদীবাবু আপনি একবার খেয়ে দেখুন স্বাদটা কেমন? কথা দিচ্ছি কাউকে দিয়ে করাব না।‘ মুখ্যমন্ত্রী এরসঙ্গেই জানান, তিনি রান্না করতে পারেন ছোট থেকেই এবং রান্না করতেও ভালোবাসেন। এর আগে মমতা মোদীর বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন, মানুষ কী খাবে, কী পরবে মোদী সরকার ঠিক করতে চাইছে। সোমবারও তার অন্যথা হয়নি।

এদিন সভা থেকে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘মোদী এখন বলছেন মাছ খাবেন না, মাংস খাবেন না, ডিম খাবেন না। তাহলে কি ব্যাঙের ছাতা খাবে। এ দেশ আমাদের সকলের। যার যা ইচ্ছে খাবে।‘ এরপরই  প্রধানমন্ত্রীকে মাছ খাওয়ার জন্য আমন্ত্রণ জানান বাংলার মুখ্যমন্ত্রী।

কয়েক সপ্তাহ আগে ভোট প্রচারে গিয়ে নরেন্দ্র মোদী শ্রাবণ মাসে মাছ-মাংস খেয়ে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ আনেন বিরোধীদের বিরুদ্ধে। এনিয়ে পাল্টা সরব হয় বিরোধীরা। তাঁদের কথায়, ‘শ্রাবণ মাসে কেউ কেউ মাছ মাংস খায়। তবে তারা রক্ত শোষণকারী বিজেপি সরকারের থেকে ভালো।‘

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube