ভোট দিতে গিয়ে তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে খোদ শাসক দলের প্রার্থীর স্ত্রী। চতুর্থ দফায় রানাঘাট লোকসভা কেন্দ্রে ভোট চলছে। এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। শনিবার তাঁর স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী বিজেপিতে যোগ দিয়ে স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন। তার দুদিন পরই সোমবার ভোট দিতে গেলে তৃণমূলের কর্মীরা তাঁকে বাধা দেয় বলে অভিযোগ।
সোমবার শান্তিপুর বিধানসভার কন্দখোলা নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে যান মুকুটমণি অধিকারীর (Mukutmani Adhikari) স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী। অভিযোগ, তিনি যখন ভোট কেন্দ্রে ঢুকতে যান সেইসময় তৃণমূলের কর্মীরা তাঁকে বাধা দেয়, এমনকি তাঁকে দেখে বিক্ষোভ শুরু করে। পাল্টা তাঁদের দিকে তেড়ে যান মুকুট পত্নী। বিক্ষোভকারীদের দাবি, স্বস্তিকা এই এলাকার বাসিন্দা নন। ভোটার না হয়েও কীভাবে ভোট দিতে এসেছেন সেই প্রশ্ন তোলেন তাঁরা।
২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে রাজনীতিতে অভিষেক হয় পেশায় চিকিৎসক মুকুটমণি অধিকারীর। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে রানাঘাট দক্ষিণে জিতে বিধায়ক নির্বাচিত হন তিনি। চলতি লোকসভা নির্বাচনে আশা ছিল দল প্রার্থী করবে কিন্তু আশাভঙ্গ হলে বিজেপি ছেড়ে তৃণমূল যোগ দেন মুকুটমণি অধিকারী। রানাঘাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের বিরুদ্ধে তাঁকে প্রার্থী করে শাসক দল। সোমবার (১৩ মে) চতুর্থ দফায় ভোটগ্রহণ চলছে রানাঘাটে।
গত শনিবার রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের (Jagannath Sarkar) সমর্থনে তাহেরপুরে সভা করেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। সভামঞ্চে মিঠুনের হাত ধরেই বিজেপিতে যোগদান করেন স্বস্তিকা ভুবনেশ্বরী। দলে যোগ দিয়েই রানাঘাটের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন তিনি। মুকুটমণি অধিকারীর বিরুদ্ধে বিবাহিত সম্পর্কে প্রতারণার অভিযোগ করেন স্বস্তিকা।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

