কয়েকদিন আগেই বিতর্ক শুরু হয়েছিল কুণাল ঘোষকে ঘিরে। দলের মুখপাত্র ও রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া নিয়ে অভিমান ফুটে উঠেছিল তৃণমূল নেতার গলায়। এমনকি তারকা প্রচারকের তালিকা থেকেও মুছে দেওয়া হয়েছিল তাঁর নাম। এরপর কেটে গিয়েছে বেশ কিছু দিন। ফের পুরনো দায়িত্বে ফিরলেন কুণাল ঘোষ। তারকা প্রচারকের তালিকায় আবারও দেখা গেল তৃণমূল নেতার নাম।
সপ্তম অর্থাৎ শেষ দফার ভোট প্রচারের জন্য ৪০ জন তারকা প্রচারকের তালিকা প্রকাশ করে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। সোমবার প্রকাশিত এই তালিকায় নাম রয়েছে কুণাল ঘোষের। গতকাল অর্থাৎ রবিবার এই তালিকা নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। নির্বাচনের শুরুতে তৃণমূলের প্রকাশিত প্রচারক তালিকায় নাম ছিল কুণাল ঘোষের। কিন্তু কয়েকদিন আগে ‘অপসারণ’ বিতর্কের পরই আচমকাই তালিকা থেকে তাঁর নাম সরে যায়। চতুর্থ ও পঞ্চম দফার ভোট প্রচারে দেখা যায়নি তাঁকে।
উল্লেখযোগ্য বিষয়টি হল, ‘অপসারণ’ বিতর্কে নাম না করে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে নাম না করে নিশানা করেছিলেন কুণাল ঘোষ। তাঁকে ‘কুইজ মাস্টার’ বলেও কটাক্ষ করেন। সপ্তম দফার জন্য তৃণমূলের তারকা প্রচারকের তালিকায় সই রয়েছে সেই ডেরেক ও’ব্রায়েনের। ‘তারকা’ তকমা ফেরত পেয়েই কুণাল ঘোষ জানান, ‘আমি দলের সৈনিক। দল যখন যে কাজ দেবে, সেই কাজ করতে প্রস্তুত।‘
উল্লেখ্য, সপ্তম দফায় তৃণমূলের তারকা প্রচারকের তালিকায় কুণাল ঘোষ ছাড়াও সায়নী ঘোষ, রাজ চক্রবর্তী, জুন মালিয়া, ইউসুফ পাঠান, সোহম চক্রবর্তী, অদিত মুন্সি, দেবাংশু ভট্টাচার্য, রচনা বন্দ্যোপাধ্যায়ের মত দলের তারকা সদস্যদের নাম রয়েছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

