দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পথ অনুসরণ করেই সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করেছিলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। কিন্তু তাঁর জামিনের আবেদনে গুরুত্ব দিল না শীর্ষ আদালত। এদিন বিচারপতি সঞ্জীব খান্না ও দীপঙ্কর দত্তের বেঞ্চে হেমন্তের মামলার শুনানি হয়।
এদিন মামলার শুনানিতে জেএমএম নেতার আইনজীবী কপিল সিবাল এবং অরুণাভ চৌধুরী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) উদাহরণ টেনে সওয়াল করেন। আদালতে তাঁদের তরফে বলা হয়, দিল্লির মুখ্যমন্ত্রীকে নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার জন্য অন্তর্বর্তী জামিন দেওয়া হয়। একই যুক্তিতে হেমন্ত সোরেনকেও জামিন দেওয়া হোক। কিন্তু বিচারপতির বেঞ্চ এই আবেদন সাড়া দেয়নি। আগামী ১৭ মে জামিনের মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
জমি দুর্নীতি ও আর্থিক তছরুপের অভিযোগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে হেমন্ত সোরেনকে (Hemant Soren) গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। গ্রেফতারির আগেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি। জানুয়ারি মাসের শেষের দিকেই ইডি তাঁর বাড়িতে হানা দিয়েছিল। দীর্ঘ কয়েক ঘণ্টা তল্লাশি চলে। তখন থেকেই জল্পনা ছিল হেমন্ত সোরেনকে গ্রেফতার করা হতে পারে। সেই আশঙ্কা থেকেই তিনি মুখ্যমন্ত্রী হিসেবে পদত্যাগ করেন। তাঁর অবর্তমানে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হয়েছেন চম্পাই সোরেন।
জেল থেকে বেরিয়ে নির্বাচনী প্রচারে অংশ নিয়ে ‘ইন্ডিয়া’ জোটের শরিক দল জেএমএম নেতা হেমন্ত সোরেন প্রসঙ্গে কথা বলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। জেলে গিয়েও কেন মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেননি সেই ব্যাখ্যা দিয়েই আপ প্রধান দাবি করেন, হেমন্ত সোরেনের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদে ইস্তফা দেওয়া উচিত হয়নি।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

