দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে হেনস্থার শিকার হয়েছেন খোদ দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল! ফোন করে ঠিক এই অভিযোগ জানানো হয়েছ দিল্লি পুলিশের কাছে। কেজরিওয়ালের আপ্ত সহায়ক তাঁকে মারধর করেছেন বলেও দাবি করা হয়। সোমবার সকালে এক মহিলা নিজেকে স্বাতী মালিওয়াল দাবি করে বিস্ফোরক অভিযোগ তুলেছেন। এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
সূত্রে খবর, এদিন সকাল ৯ টা নাগাদ দিল্লি পুলিশের কাছে একটি ফোন যায়, ফোনের ওপার থেকে এক মহিলা নিজেকে দিল্লি মহিলা কমিশনের প্রধান তথা রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়াল বলে দাবি করেন। অভিযোগ করেন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Delhi CM Arvind Kejriwal) বাড়িতে হেনস্থার শিকার হয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশে তাঁর আপ্ত সহায়ক বিভব কুমার স্বাতীকে মারধর করেছে বলেও অভিযোগ করা হয়। এরপরই দ্রুত কেজরিওয়ালের বাড়িতে যায় পুলিশের আধিকারিকরা। মারধরের কথা স্বীকার করেন স্বাতী কিন্তু শারীরিক পরীক্ষার জন্য চিকিৎসকের কাছে যেতে রাজি হননি। এমনকি এবিষয়ে পরে লিখিত অভিযোগ করবেন বলেও জানান।
ঘটনার তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। এনিয়ে স্বাতী মালিওয়াল মুখ খোলেননি বলে খবর। তবে এই ঘটনাকে হাতিয়ার করেই আক্রমণ শুরু করে দিয়েছে বিজেপি। মুখ্যমন্ত্রীর বাড়িতেই মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা।
আবগারি দুর্নীতি মামলায় গত মার্চ মাসে গ্রেফতার করা হয়েছিল দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে। ভোটের সময় প্রচারে অংশ নিতে জামিনের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। গত সপ্তাহে শর্তসাপেক্ষে দিল্লির মুখ্যমন্ত্রীর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে শীর্ষ আদালত। জেল থেকে বেরোতেই কেজরিওয়ালকে ঘিরে এই অভিযোগ উঠতেই রাজনৈতিক মহলেও শোরগোল সৃষ্টি হয়েছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

