চাকরির নামে প্রতারণার অভিযোগে এবার তৃণমূলের তারকা প্রার্থী দেব ‘ঘনিষ্ঠ’র বিরুদ্ধে মামলা দায়ের করা হল কলকাতা হাইকোর্টে। সিবিআই তদন্তের আবেদন করা হয়েছে। চলতি সপ্তাহেই এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভোটের মুখে ঘনিষ্ঠ একজনের বিরুদ্ধে হাইকোর্টে মামলা হওয়ায় তারকা প্রার্থীর অস্বস্তি কি বাড়ল?
জানা যায়, চন্দ্রকোণার ক্ষীরপাই পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের টেলিবাজার এলাকার বাসিন্দা গঙ্গেশ সাঁতরা। তাঁর অভিযোগ, ২০২২ সালের এপ্রিল মাসে আশা কর্মী পদে মেয়ের চাকরির জন্য প্রায় ১ লক্ষ ৮০ হাজার টাকা দিয়েছিলেন। রামপদ মান্না এজেন্ট মারফত পুরো টাকাটা নিয়েছিলেন। টাকা নেওয়ার পর বেশ কিছু দিন কেটে গেলেও চাকরির খবর আসেনি। এমনকি পাওনা টাকা ফেরত পাননি বলেও অভিযোগ ওই ব্যক্তির। থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে, তাই ইমেল মারফত জেলা পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছিল বলে দাবি গঙ্গেশ সাঁতরার পরিবারের। এবার সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হল। যদিও রামপদ মান্নার দাবি, তিনি অভিযোগকারীকে চেনেন না।
অভিযুক্ত রামপদ মান্না দেবের ঘনিষ্ঠ বলেই পরিচিত। ফলে বিরোধী দল বিজেপি ঘাটালের তৃণমূল প্রার্থীকেই কাঠগড়ায় তুলছে। বিজেপি প্রার্থী হিরণ চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন দেবকে। এনিয়ে ঘাটালের দু’বারের সাংসদের বক্তব্য, তদন্তে অভিযোগ সত্য প্রমাণিত হলে অপরাধী অবশ্যই শাস্তি পাবে। আগামী শুক্রবার বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে মামলার শুনানি হতে পারে বলে খবর।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

