লক্ষাধিক টাকা নিয়ে চাকরির নামে প্রতারণা! অভিযুক্ত দেব ‘ঘনিষ্ঠ’

চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ! দীর্ঘদিন কেটে গেলেও চাকরি তো হয়নি এমনকি টাকাও ফেরত পাননি প্রতারিত পরিবার। অভিযোগ উঠেছে রামপদ মান্না নামের এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের ঘনিষ্ঠ বলেও দাবি করা হচ্ছে। যার ফলে চাঞ্চল্য যেন দ্বিগুণ বেড়েছে।

জানা যায়, চন্দ্রকোণার ক্ষীরপাই পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের টেলিবাজার এলাকার বাসিন্দা গঙ্গেশ সাঁতরা। তাঁর অভিযোগ, ২০২২ সালের এপ্রিল মাসে আশা কর্মী পদে মেয়ের চাকরির জন্য প্রায় ১ লক্ষ ৮০ হাজার টাকা দিয়েছিলেন। রামপদ মান্না এজেন্ট মারফত পুরো টাকাটা নিয়েছিলেন। টাকা নেওয়ার পর বেশ কিছু দিন কেটে গেলেও চাকরির খবর আসেনি। এমনকি পাওনা টাকা ফেরত পাননি বলেও অভিযোগ ওই ব্যক্তির।

শুক্রবার চন্দ্রকোণা থানায় লিখিত অভিযোগ দায়ের করতে যায় গঙ্গেশ সাঁতরার পরিবার। সেখানেও অভিযোগ, পুলিশ প্রথমে তাদের অভিযোগ গ্রহণ করতে অস্বীকার করে। এরপর ইমেল মারফত জেলা পুলিশের কাছে অভিযোগ জানানো হয়। শোনা যাচ্ছে, অভিযুক্ত রামপদ মান্না ঘাটালের দু’বারের তারকা সাংসদ দেবের ঘনিষ্ঠ হওয়ায় ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। বিষয়টি নজর এড়ায়নি বিজেপির। দেবকে আক্রমণ করতে ময়দানে নেমে পড়েছেন তারা।

প্রতারণার অভিযোগ নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেস ও দেবকে তীব্র আক্রমণ করেছেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। যদিও তৃণমূল প্রার্থী এনিয়ে জানিয়েছেন, তদন্তে অভিযোগ সত্য প্রমাণিত হলে দোষী শাস্তি পাবেই। অন্যদিকে, খোদ অভিযুক্ত দাবি করেছেন, অভিযোগকারী পরিবারকে তিনি চেনেন না। তবে সত্য ঘটনা যাই হোক ভোট আবহে প্রতারণার অভিযোগে সরগরম হয়ে উঠেছে ঘাটালের একাংশ।  

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube