চতুর্থ দফার ভোটের আগের দিন নির্বাচনী প্রচারে গিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার কেন্দ্রীয় বঞ্চনা, নির্বাচনের ফল সহ একাধিক ইস্যুতে মোদী সরকারকে নিশানা করেন তিনি। একইদিনে মোদীর সভার পরেই ব্যারাকপুরে দলীয় প্রার্থীর সমর্থনে সভা করেন মুখ্যমন্ত্রী।
রবিবার আমডাঙার সাধনপুর উলুডাঙা তুলসিরাম উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে জনসভা করেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের সভা থেকে মোদীর গ্যারান্টি নিয়ে সরব হন তিনি। CAA নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ব্যারাকপুর থেকে কিছু গ্যারান্টি দিয়েছেন শুনলাম। ক্যা মতুয়াদের করতেই হবে নাকি বলেছেন। গায়ের জোরে হবে না। মতুয়া ভাই-বোনেদের গায়ে হাত দিলে আমার গায়ে হাত দেওয়া হবে।‘ কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগ, ‘আগে রাজ্যগুলো ট্যাক্স তুলতে পারত কিন্তু এখন একটাই ট্যাক্স জিএসটি। পাঁচ বছরে ৬ লক্ষ ৮৪ হাজার কোটি টাকা ট্যাক্স তুলে নিয়ে গিয়েছে কিন্তু বাংলাকে এখনও ১ লক্ষ ৭৪ হাজার কোটি টাকা দেয়নি।‘
বাংলায় এসে মোদী মিথ্যে কথা বলছেন বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, বিনা পয়সায় নাকি রেশন দিচ্ছেন উনি (নরেন্দ্র মোদী)। দু’বছরে এক টাকাও দেয়নি। ৩০ হাজার কোটি টাকায় ৯ কোটি মানুষকে রেশন রাজ্য দেয়, উনি খালি ভাষণ দেন।
দুর্নীতি ইস্যুতে পাল্টা বিজেপিকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, সবচেয়ে বড় কয়লা চোর কেন্দ্রীয় সরকার কারণ কয়লা ওদের অধীনে। সবচেয়ে বেশী গরু চোর কেন্দ্র কারণ ওটা বিএসএফের অধীনে, স্বরাষ্ট্রমন্ত্রীর আওতায়। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ করা উচিত বলেও সুর চড়ান তিনি। মোদী সরকারকে নিশানায় এনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এখন থেকেই কত ভয়, বলছে সরকার বদল করতে হবে। মানুষ ঠিক করবে সরকার থাকবে কি থাকবে না?’ মুখ্যমন্ত্রীর কটাক্ষ, ‘প্রচার ঘণ্টা করতে গিয়ে মোদী সরকারের মৃত্যুঘণ্টা বেজে গিয়েছে।‘
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

