স্বামী রানাঘাটের তৃণমূল প্রার্থী, ভোটের দু’দিন আগে বিজেপিতে যোগদান মুকুটমণির স্ত্রী

নির্বাচনের দু’দিন আগেই রানাঘাটে বড় চমক। মিঠুন চক্রবর্তীর উপস্থিতিতে বিজেপিতে যোগদান করেন তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী। এদিন রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের নির্বাচনী প্রচার সভায় হয় যোগদান অনুষ্ঠান। বিজেপিতে যোগ দিয়ে স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ স্বস্তিকার।

শনিবার রানাঘাটের বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ জগন্নাথ সরকারের সমর্থনে তাহেরপুরে সভা করেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। সভামঞ্চে মিঠুনের হাত ধরেই বিজেপিতে যোগদান করেন স্বস্তিকা ভুবনেশ্বরী। দলে যোগ দিয়েই রানাঘাটের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন তিনি। প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে জানান, ‘তিনি বিদেশে ছিলেন, সেখানে লাগাতার ফোন করে জোর করে এখানে আসতে বাধ্য করা হয়। গত ২৮ মে ২০২৩ মুকুটমণি অধিকারীর সঙ্গে আইনিমতে বিবাহ সম্পন্ন হয়। কিন্তু তারপর থেকেই তিনি উধাও।’ স্বস্তিকার আরও অভিযোগ, ‘মুকুটমণি অধিকারী ও তাঁর পরিবার বিয়ের জন্য তাড়াহুড়ো করেছিল কিন্তু রেজিস্ট্রি করে তাঁকে ও তাঁর মাকে ঠকানো হয়েছে।‘ এদিন মঞ্চ থেকে তৃণমূল প্রার্থীকে ভোট না দিয়ে আরও একবার জগন্নাথ সরকারকে ভোট দিয়ে জয়যুক্ত করার আবেদন জানিয়েছেন তিনি।

কয়েকমাস আগেই খবরের শিরোনামে উঠে এসেছিল মুকুটমণি অধিকারীর দাম্পত্য জীবন। তাঁর স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরীর অভিযোগ ছিল, রেজিস্ট্রি করলেও সামাজিক ক্ষেত্রে তাঁকে স্ত্রী পরিচয় দিতে অস্বীকার করছেন মুকুটমণি অধিকারী। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। এমনকি তাঁর থেকে ১ কোটি টাকা দাবি করা হচ্ছে এবং বিবাহবিচ্ছেদের জন্য মানসিকভাবে হেনস্থা করা হচ্ছে বলেও দাবি করেছিলেন স্বস্তিকা।

২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে রাজনীতিতে অভিষেক হয় পেশায় চিকিৎসক মুকুটমণি অধিকারীর। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে রানাঘাট দক্ষিণে জিতে বিধায়ক নির্বাচিত হন তিনি। চলতি লোকসভা নির্বাচনে আশা ছিল দল প্রার্থী করবে কিন্তু আশাভঙ্গ হলে বিজেপি ছেড়ে তৃণমূল যোগ দেন মুকুটমণি অধিকারী। রানাঘাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের বিরুদ্ধে তাঁকে প্রার্থী করেছে শাসক দল। আগামী ১৩ মে, সোমবার চতুর্থ দফায় ভোট রয়েছে রানাঘাটে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube