রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে তোলপাড় রাজ্য-রাজ্যনীতি। এক সপ্তাহের বেশী সময় কেটে গেলেও বিতর্ক এখনও থামেনি। শনিবার হুগলীতে নির্বাচনী প্রচারে গিয়ে এনিয়ে মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের বিরুদ্ধে চড়া সুর শোনা গেল তাঁর গলায়। কী বললেন মুখ্যমন্ত্রী?
এদিন হুগলীর সপ্তগ্রামে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আমাকে রাজভবনে ডাকলে আর যাব না। রাস্তায় দেখা করতে পারি। যা শুনছি, আপনার পাশে বসাও পাপ!’ ‘একজন মহিলার উপর অত্যাচার করার আপনি কে?’ এই প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। বিতর্কের পরই শাসক দল ও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কড়া ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এনিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমার দোষ কী বলুন? আমি তো পুরো ঘটনা জানি না! আমাকে বলছেন দাদাগিরি চলবে না।‘ রাজ্যপালের ইস্তফার দাবিও জানান তিনি। একইসঙ্গে রাজভবনের তরফে যে সিসিটিভি ফুটেজ দেওয়া হয়েছে তা বিকৃত করা হয়েছে বলেও অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের।
তৃণমূল সুপ্রিমো আরও দাবি করেন, তাঁর কাছে সম্পূর্ণ সিসিটিভি ফুটেজ আছে। বলেন, ‘এখন তো সব সিসিটিভি ফুটেজ বেরোয়নি। আরও একটা পেনড্রাইভ পেয়েছি। আরও কীর্তি কেলেঙ্কারি।‘ শুক্রবার মনোনয়ন পত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজভবন বিতর্কে সুর চড়ান অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালকে আক্রমণ করে রাজভবনের ভিতরের ফুটেজ প্রকাশ্যে আনার চ্যালেঞ্জ ছুঁড়ে দেন তিনি।
গত সপ্তাহের বৃহস্পতিবার রাজ্যপাল বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী। হেয়ার স্ট্রীট থানায় দায়ের করা হয় লিখিত অভিযোগ। ঘটনার কয়েকদিনের মধ্যেই রাজ্যপালের তরফে মুখ্যসচিবকে চিঠি পাঠানো হয়। পুলিশি অনুসন্ধান বন্ধ করার নির্দেশ দেওয়া হয় সেই চিঠিতে। এরপর রাজভবনের তরফে বিবৃতি জারি করে জানানো হয় মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর পুলিশকে বাদ দিয়ে যে কেউ ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ দেখার আবেদন করতে পারেন। গত বৃহস্পতিবার ১ ঘণ্টা ১৯ মিনিটের একটি ভিডিও ফুটেজ দেখানো হয়। কিন্তু তারপরও বিতর্ক থামানো যায়নি বলেই ধারণা ওয়াকিবহাল মহলের।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

