ভোট আবহে সন্দেশখালি ইস্যুতে ভাইরাল ভিডিয়ো ঘিরে শোরগোল রাজ্য-রাজনীতিতে। শুক্রবার বাংলায় নির্বাচনী প্রচারে এসে তৃণমূলকে বেলাগাম নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্যদিকে এদিন মনোনয়ন দাখিলের পর সন্দেশখালি নিয়ে বিজেপিকে তোপ দাগলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার বাংলায় প্রচারে এসে সন্দেশখালিকাণ্ড নিয়ে তৃণমূলের বিরুদ্ধে বেশ আক্রমণাত্মক হয়ে ওঠেন অমিত শাহ। তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা মুখ্যমন্ত্রী। তাঁর রাজ্যে ধর্মের ভিত্তিতে মহিলাদের শোষণ করা হয়েছে। ওঁর দলের নেতারাই এই কাজ করেছে। মুখ্যমন্ত্রীর লজ্জা হওয়া উচিত। বাংলার মা, বোনদের চিন্তার দরকার নেই। সন্দেশখালির অপরাধীরা শাস্তি পাবেই।‘
এদিন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সন্দেশখালি নিয়ে বিজেপিকে তোপ দাগেন তিনি। ‘দেশ স্বাধীনতার পর বাংলাকে বদনাম করার সবচেয়ে বড় ষড়যন্ত্র সন্দেশখালি’, এমনই দাবি করলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। তিনি বলেন, ‘আমরা পুলওয়ামা শুনেছিলাম, সন্দেশখালি দেখলাম। সন্দেশখালি নিয়ে বাংলাকে যেভাবে কলুষিত করার চেষ্টা করা হচ্ছে সাধারণ মানুষ তার জবাব দেবেই।‘
সন্দেশখালির ঘটনা প্রকাশ্যে আসতেই তৃণমূল বারবার দাবি করেছে মহিলাদের ভুল বুঝিয়ে ধর্ষণের সাজানো অভিযোগ করানো হয়েছে। সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে এক মহিলা বলছেন তাঁকে দিয়ে জোর করে অভিযোগ করানো হয়েছে (সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি নিউজ টাইম বাংলা)। এরপরই সরব হয়েছে তৃণমূল। জল গড়িয়েছে অনেক দূর। এনিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বঙ্গ বিজেপির নেতৃত্বদের নিশানায় এনেছে শাসক দল।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

