লোকসভা নির্বাচনে জয় পেয়ে তৃতীয়বার ক্ষমতায় আসা নিয়ে আত্মবিশ্বাসী বিজেপি। পাল্টা বাম প্রার্থী সুজন চক্রবর্তীর দাবি, বিজেপি গোটা দেশে ২০০ টিও আসন পাবে না। শুক্রবার বারাসতে মনোনয়ন জমা দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন দমদমের সিপিএম প্রার্থী। সেখানেই বিজেপিকে নিশানায় আনেন তিনি।
আগামী ১ জুন দমদম লোকসভা কেন্দ্রে নির্বাচন রয়েছে। তার আগে শুক্রবার, ১০ মে বারাসতে মনোনয়ন পত্র দাখিল করেন সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, ‘মোদী আগে বলতেন ৪০০ সিটের কথা। এখন আর সে কথা বলেন না। মে মাসের ১৫ তারিখের পর দেখবেন মোদী ৩০০ সিটের কথা বলছেন। তারপর আরও কম বলবেন।‘ সুজন চক্রবর্তীর কথায়, ‘বিজেপি গোটা দেশে ২০০ সিট পার করতে পারবে না। এখন সেটা বুঝে গিয়েছেন বলেই নরেন্দ্র মোদী নানা ফন্দি ফিকির করছেন।‘
চলতি নির্বাচনের ভোট প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপির নেতৃত্বরা বিভিন্ন জায়গায় ভোট প্রচারে গিয়ে ‘৪০০ পার’ স্লোগান তুলছেন। এনিয়ে কটাক্ষ করতে ছাড়ছেন না বিরোধীরা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচার থেকে বলেন, ‘ইস বার পগার পার।‘ বিভিন্ন জনসভা থেকে তিনি পাল্টা দাবি করেছেন, ‘এবারে ভোটে মানুষ বিজেপি ও মোদী সরকারকে বিদায় দেবে।‘
উল্লেখ্য, লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর থেকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব একাধিকবার বাংলায় এসেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বাংলায় ভোট প্রচারে এসেছেন। চলতি সপ্তাহেই আরও একবার বঙ্গসফরে আসার কথা মোদীর। চলতি নির্বাচনে বাংলার ৪২ আসনের মধ্যে ৩৫ টিরও বেশী আসনে জয় নিয়ে আশাবাদী বিজেপি নেতৃত্ব।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

