শুভেন্দু অধিকারীকে নিয়ে ‘নস্টালজিক’ দেব! মনে করলেন গত দু’বারের লোকসভা নির্বাচনের কথা। বিরোধী দলনেতাকে ‘গদ্দার’ বলতেও আপত্তি আছে তাঁর। লোকসভা নির্বাচনের মাঝেই হঠাৎ কেন এরূপ প্রতিক্রিয়া ঘাটালের তৃণমূল প্রার্থীর? কী বললেন তিনি?
সম্প্রতি শুভেন্দু অধিকারী প্রসঙ্গে দেব বলেছিলেন, ‘আমি মনে করি না শুভেন্দু অধিকারীকে আমার মঞ্চে উঠে গদ্দার বলতে হবে। তিনি (শুভেন্দু অধিকারী) আমাকে ২০১৪, ২০১৯ সালে এলাকা ঘুরিয়েছিলেন। আজ যেমন হিরণকে নিয়ে ঘুরছেন। আমার নির্বাচন ফান্ড করেছেন। আজ হঠাৎ লোকটাকে দেখে চিনতে পারব না, এটা হয় না।‘ তাঁর স্পষ্ট কথা, ‘যে কাউকে মঞ্চে উঠেই আমাকে গদ্দার বলতে হবে সেই রাজনীতিতে আমি বিশ্বাস করি না। ঘৃণার রাজনীতি কখনওই করব না।‘ তবে শুভেন্দু অধিকারী কিন্তু দেবকে কখনওই ছেড়ে কথা বলেননি। দুর্নীতি ইস্যুতে অভিনেতাকে যখনই তলব করা হয়েছে সরব হতে দেখা গিয়েছে বিরোধী দলনেতাকে। কয়েকমাস আগেও দেবকে দিল্লিতে ডেকে পাঠানো হলে সেইসময়েও তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার দাবি তুলেছিলেন তিনি।

২০১৪ সালে প্রথমবার লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব। ২০১৯ সালে দ্বিতীয়বার প্রার্থী হয়েছিলেন। গত লোকসভা নির্বাচনে মেদিনীপুরে তৃণমূলের হাত শক্ত করতে জেলা পর্যবেক্ষক হিসেবে প্রথম দায়িত্ব পেয়েছিলেন তৎকালীন তৃণমূলের হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারী। বিজেপিকে কুপোকাত করতে দেবকে নিয়েই ঘাটাল সহ মেদিনীপুর চষে বেরিয়েছিলেন। ২০২৪-এও ঘাটাল থেকে তৃতীয়বার প্রার্থী দেব। তবে চিত্র অনেকটা পাল্টেছে। পাঁচ বছরের ব্যবধানে সেই শুভেন্দু অধিকারী বিজেপি প্রার্থী হিরণের হয়ে মেদিনীপুরে নজর রেখেছেন। সেইসঙ্গে তৃণমূল প্রার্থী দেবকেও তুলোধোনা করতে ছাড়ছেন না।

উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ছায়াসঙ্গী’ শুভেন্দু অধিকারী। বঙ্গ রাজনীতিতে কার্যত ঝড় উঠে যায়। এরপর একে অপরকে একাধিকবার আক্রমণ করেন মমতা-শুভেন্দু। চলতি লোকসভা নির্বাচনের প্রচারে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য মঞ্চ থেকে শুভেন্দুকে ‘গদ্দার’ বলেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলের সুপ্রিমোর উল্টো পথে গিয়েই রাজনৈতিক ‘সৌজন্যতা’ বজায় রাখতে চাইছেন ঘাটালের তৃণমূল প্রার্থী।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

