সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। ভোট আবহে বড় স্বস্তি আপ শিবির এবং বিরোধী জোট ‘ইন্ডিয়া’য়। আবগারি দুর্নীতি মামলায় গত মার্চ মাসে গ্রেফতার করা হয়েছিল তাঁকে। হাইকোর্টে জামিন না পেলে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন কেজরিওয়াল। অবশেষে আপ শিবিরে ফিরল স্বস্তি।
আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি। ভোটের মুখে এনিয়ে উদ্বেগ বেড়েছিল আপ শিবিরে। চলতি নির্বাচনে প্রচার করতে জামিনের আবেদন করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। গত মঙ্গলবার হলফনামায় জামিনের বিরোধিতা করে ইডি। তাদের বক্তব্য ছিল, নির্বাচনে প্রচার করতে পারে মৌলিক, সাংবিধানিক, এমনকি আইনি অধিকারের মধ্যে পড়ে না। তবে জামিনের আবেদনের শুনানিতে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না এবং দীপঙ্কর দত্তের বেঞ্চ জানায়, অরবিন্দ কেজরিওয়াল একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী, অপরাধী নন। যাবতীয় সওয়াল জবাবের পর অবশেষে দিল্লির মুখ্যমন্ত্রীর পক্ষেই নির্দেশ দেয় শীর্ষ আদালত।
আগামী ১ জুন পর্যন্ত জামিনে মুক্ত থাকবেন কেজরিওয়াল। ২ জুন তাঁকে জেল কর্তৃপক্ষের আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। গ্রেফতারির পর তিহাড় জেলে বন্দী দিল্লির মুখ্যমন্ত্রী। আদালত জানিয়েছে, শুক্রবারই জেল থেকে বেরোতে পারবেন কেজরিওয়াল। আপ সুপ্রিমো প্রচারে অংশ নিতে পারবেন তবে সরকারি কোনও ফাইলে সই করতে পারবেন না বলেও শর্ত দিয়েছে শীর্ষ আদালত।
কেজরিওয়াল অন্তর্বর্তী জামিন পেতেই তাঁকে শুভেচ্ছে জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তৃণমূল নেত্রী লেখেন, ‘অরবিন্দ কেজরিওয়াল অন্তর্বর্তী জামিন পেয়েছেন, আমরা সকলে আনন্দিত। চলতি নির্বাচনের জন্য তাঁর জামিন অনেক সাহায্য করবে।‘
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

