‘ডায়মন্ড হারবার আমার পরিবার’, মনোনয়ন জমা দিয়ে বার্তা অভিষেকের

লোকসভা নির্বাচনে বাংলার অন্যতম হেভিওয়েট প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় শুক্রবার মনোনয়ন পেশ করলেন। এদিন অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে কালীঘাটে নিজের বাড়ির সামনে থেকে মিছিল করে আলিপুর ট্রেজারি বিল্ডিংয়ে গিয়ে মনোনয়ন দাখিল করেন তিনি। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ শানান তৃণমূল প্রার্থী।

মনোনয়ন জমা দিয়ে বেরিয়ে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আজকে আমি মনোনয়ন জমা দিয়েছি। যেভাবে মানুষ সমর্থন দেখাচ্ছে, আমাকে আশীর্বাদ দিচ্ছে, আমি সবার কাছে কৃতজ্ঞ। দক্ষিণ কলকাতায় আমার জন্ম কিন্তু ডায়মন্ড হারবার আমার কর্মভূমি। গত দশ বছরে যেভাবে মানুষের জন্য কাজ করার সুযোগ পেয়েছি আগামী দিনেও যাতে উন্নয়নের জয়যাত্রা অক্ষুণ্ণ থাকে তার জন্যই আজ মনোনয়ন দাখিল করলাম। শুধু ডায়মন্ড হারবার নয় বিভিন্ন লোকসভা কেন্দ্রে প্রচারে রয়েছি, মানুষের উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মত।‘ এই লোকসভা নির্বাচনে গোটা বাংলায় ভালো ফল করবেন বলে আশাবাদী অভিষেক। তিনি আরও বলেন, ‘যারা বাংলাকে কলুষিত, কলঙ্কিত এবং ছোট করার যে নির্লজ্জ পরিকল্পনা করেছে, বাংলাকে বদনাম করার চেষ্টা করেছে, তাদের যোগ্য জবাব মানুষ আগামী ৪ জুন দেবে।‘

ভোটারদের উদ্দেশ্যে অভিষেকের আবেদন, ডায়মন্ড হারবার থেকে তৃণমূলের জয়ের ব্যবধান কেবল বাড়বেই না বাংলা থেকে এই কেন্দ্র এক নম্বরে থাকবে। উন্নয়নের দিক থেকে ডায়মন্ড হারবার এক নম্বর হলে জয় ও প্রাপ্ত ভোটের ক্ষেত্রেও ডায়মন্ড হারবার এক নম্বর হবে বলে আশাবাদী তৃণমূল প্রার্থী। এই নির্বাচনে গতবারের তুলনায় আরও বেশী ব্যবধানে জিতবেন বলেও দাবি করেন।

বিতর্কের মাঝে বৃহস্পতিবার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনা হয়েছে রাজভবনের তরফে। এদিন তা নিয়েও কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিসিটিভি ফুটেজ দেখিয়ে অভিযোগকারিণীকে অপমান করা হয়েছে বলে সরব হন তিনি। ঘটনার দিনে রাজভবনের ভিতরের ভিডিও দেখানোর চ্যালেঞ্জ করেন অভিষেক। এছাড়া সন্দেশখালির বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেন ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী।  

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube